পুড়ে গেছে ১৬০টি দোকান

বরগুনা শহরের সদর রোডের পৌর সুপার মার্কেটে গত সোমবার আগুন লেগে কমপক্ষে ১৬০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে।
মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি চায়নিজ রেস্তোরাঁ ও আবাসিক হোটেল, মুঠোফোন, তৈরি পোশাক, বৈদ্যুতিক সরঞ্জাম ও মনিহারি দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শী দুজন জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে হঠাৎ করে মার্কেটের পশ্চিমাংশে আগুন জ্বলতে দেখেন ব্যবসায়ীরা। তখন দোকান খোলা রেখে ব্যবসায়ীরা হুড়োহুড়ি করে বাইরে নামেন। অল্প সময়ের মধ্যে আগুন তীব্র হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরগুনা সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আমতলী থেকে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। রাত একটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় ভোর পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
আগুনে সুপার মার্কেটের সামনে তিনতলা পৌর মার্কেটের তৃতীয় তলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষতি হয়। খবর পেয়ে বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থল আসেন এবং আগুন নেভানোর কাজ তদারক করেন। রাজ্জাক আকন নামে এক ব্যবসায়ী বলেন, ধার-দেনা করে ও বেসরকারি সংস্থা থেকে থেকে ঋণ এনে তিন ভাই মিলে তিনটি তৈরি পোশাকের দোকান দিয়েছিলেন। তিনটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কী দিয়ে দেনা শোধ করবেন সে চিন্তায় তাঁরা দিশেহারা।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সহায়তা দেওয়া হবে।