পুড়ে গেল মরিয়মের বেতন-সঞ্চয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিক মরিয়ম বেগম বেতন পেয়েছিলেন গত বৃহস্পতিবার। মে মাসের বেতনের ১০ হাজার টাকার সঙ্গে আগের সঞ্চয় মিলিয়ে দাঁড়ায় ৩০ হাজার টাকা। কিন্তু আগুন সব ছাই করে দিল।
চট্টগ্রাম নগরের আতুরার ডিপো করিম জমিদার লেন এলাকার একটি ঝুট কাপড়ের গুদামের সঙ্গে আগুনে পুড়ে গেছে মরিয়মের ঘরটিও। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। গুদামসংলগ্ন কাঁচা ঘরটিতে মরিয়মের সংসার। দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ওই ঘরে থাকতেন তিনি।
মরিয়ম বেগমের মেয়ে ফাতেমা বেগম প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার আমার মা গার্মেন্টস থেকে ১০ হাজার টাকা বেতন পেয়েছিলেন। আগের জমানোসহ ৩০ হাজার টাকা, দুটি খাট, একটি ওয়ার্ডরোব এবং অন্যান্য আসবাব চোখের সামনে পুড়ে গেছে। গায়ের কাপড় নিয়ে শুধু আমরা ঘর থেকে বের হতে পেরেছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আতুরার গার্মেন্টসের ঝুট প্রক্রিয়াজাত করে তুলা বের করার একটি গুদামে আগুন লাগে। এতে দেড় লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে।