পুড়ে গেল ২০০ মোটর ও ট্রান্সফরমার
চলতি বোরো মৌসুমে বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে গত ১৫ দিনের মধ্যে বগুড়ার ধুনট এবং নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় দুই শতাধিক সেচপাম্প ও ট্রান্সফরমার পুড়ে গেছে।এর মধ্যে ধুনট উপজেলায় সাত দিনে শতাধিক সেচপাম্পের মোটর এবং নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলা এলাকায় ১৫ দিনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের শতাধিক মোটর ও ট্রান্সফরমার পুড়েছে। ধুনট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলায় ১৯টি ব্লকে শতাধিক সেচপাম্প পুড়ে গেছে। এর মধ্যে পাচথুপি ব্লকে ১৮টি, মহিশুরায় ১৭টি, সরুগ্রামে ৯টি, মথুরাপুর ও চালাপাড়ায় ৭টি করে, পেঁচিবাড়ি, কাশিয়াহাটা ও গজারিয়ায় ৬টি করে, শিয়ালী ও কলেরপাড়ায় ৫টি করে, চৌকিবাড়ি ৩টি, বেলকুচি ২টি এবং নান্দিয়ার পাড়া ও ধুনট সদরে একটি করে সেচপাম্প পুড়ে গেছে। বিদ্যুৎ বিভ্রাটে অধিকাংশ কৃষকের সেচপাম্প একাধিকবার পুড়েছে।জানা গেছে, উপজেলায় বিদ্যুতের মোট ১৩ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে ৭৩০টি বিদ্যুৎচালিত সেচপাম্প রয়েছে। এই সেচপাম্প দিয়ে কৃষকেরা প্রায় এক হাজার ৮৮০ হেক্টর জমির বোরোধানের খেতে সেচ দিচ্ছেন। এসব কৃষক লোডশেডিংয়ের কারণে জমিতে পরিমাণমতো সেচ দিতে পারছেন না। এ ছাড়া লো-ভোল্টেজের কারণে কৃষকের সেচপাম্প পুড়ে যাচ্ছে।বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির শেরপুর অফিস সূত্রে জানা যায়, ধুনটে সাড়ে চার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু সরবরাহ বিদ্যুতের চাহিদার চেয়ে অনেক কম।ধুনট উপজেলা পল্লী বিদুৎ অফিসের কনিষ্ঠ প্রকৌশলী মুন্সি আশিক এলাহী জানান, এখানে সাড়ে চার মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন থাকলেও তা পাওয়া যায় না। এ কারণে লোডশেডিং ও লো-ভোল্টেজের কবলে অনেক সেচপাম্পের মোটর পুড়ে গেছে। পারধুনট গ্রামের মোহামঞ্চদ আলী জানান, লো-ভোল্টেজের কারণে তাঁর সেচপাম্প দুবার পুড়ে গেছে। প্রতিবার পুড়ে যাওয়া সেচপাম্প মেরামত করতে আট হাজার টাকা করে ব্যয় হয়েছে। জমিতে ঠিকমতো পানি দিতে না পারায় ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। সেচপাম্পের মালিক হাবিজুর রহমান, সুমন, গনি, ফরহাদ, বেলালসহ অনেকেই একই ধরনের কথা বলেছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, লোডশেডিং ও লো-ভোল্টেজের বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রতিদিন কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত ধানখেতের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। অনেক কৃষককেই বিদ্যুৎচালিত সেচপাম্পের পাশাপাশি জমিতে ডিজেলচালিত শ্যালো মেশিন রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাশফিকুর রহমান বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সকালে চরপাড়া গ্রামের কাছে ভোল্টেজ রেগুলেটর (নিয়ন্ত্রক) লাগানো হয়েছে। আশা করছি কমপক্ষে ১০ শতাংশ বিদ্যুৎ-সমস্যার সমাধান হবে।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় রানীনগর উপজেলা এলাকায় ছয় হাজার ৫৭৫ হেক্টর ও আত্রাই উপজেলায় ছয় হাজার ৪২৫ হেক্টর জমিতে বোরো চাষ করা হচ্ছে। এই জমিতে সেচ সরবরাহ নিশ্চিত করতে দুই উপজেলায় ২৬২টি করে মোট ৫২৪টি গভীর নলকূপ চালু রাখা হয়েছে। চাহিদামতো বিদ্যুৎ পাওয়া গেলে এই জমিতে পানির কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রয়োজনীয় বিদ্যুৎ না পাওয়ায় এবং ভোল্টেজ কম থাকায় প্রতিনিয়ত মূল্যবান বৈদ্যুতিক মোটর, ট্রান্সফরমার, ম্যাগনেট, এমসিডিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যাচ্ছে। এগুলো মেরামতের সময় পর্যন্ত খেতে সেচ দেওয়া সম্ভব হয় না। ফলে প্রয়োজনীয় পরিমাণ পানি না পাওয়ায় অনেক ধানের জমি শুকিয়ে যাচ্ছে। রানীনগর উপজেলার ত্রিমোহনী, পারইল ও বড়গাছা আবাদপুকুর এবং আত্রাই উপজেলার কয়রা ও মারিয়া গ্রামের কয়েকজন কৃষক জানান, বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে রাতের বেলায় বরেন্দ্র কর্তৃপক্ষের পাম্প চালানো সম্ভব হচ্ছে না। দিনের বেলায় কিছু পাম্প চললেও চাহিদার তুলনায় কম সেচ দেওয়ায় কোনো কোনো স্থানে জমি ফেটে গেছে। রানীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. তিতুমীর রহমান বলেন, গত কয়েক দিনে রানীনগর উপজেলায় ৪৯টি ট্রান্সফরমার, ২৬টি মোটর, ৭৫টি ম্যাগনেট এবং ২৫টি এমসিডি পুড়ে গেছে। আত্রাই উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শ্রী নিশিকান্ত প্রামাণিক বলেন, বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে বরেন্দ্র কর্তৃপক্ষের ১২টি মোটর ও ২৩টি ট্রান্সফরমার পুড়ে গেছে। এই লো-ভোল্টেজ সমস্যার সমাধান করা না হলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।