পুড়ে মরল রাজা বাদশাও আহত
হতদরিদ্র মা-বাবার যমজ সন্তান রাজা আর বাদশা। ঘরে স্বাচ্ছন্দ্য না থাকলেও আদর-যত্নের কমতি ছিল না তাদের। কিন্তু আগুন ভেঙে দিল তাদের জোড়া। গত শনিবার তাদের ঘরে কুপিবাতি থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় রাজা, আহত হয়েছে বাদশা (ছয় মাস)। দরিদ্র এ পরিবারটির কর্তা ইউনুস আলী রোজগারের আশায় ঢাকা শহরে রিকশা চালান। আর মা শাহানা খাতুন শিশু দুটিকে নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে সরকারি খালের ওপর ঝুপড়ি বানিয়ে থাকতেন। পুড়ে ছাই হয়ে গেছে ঝুপড়ি ঘরটিও। এখন আহত বাদশাকে নিয়ে পরিবারটি রাত কাটাচ্ছে প্রতিবেশী আবদুল আজিজের ঘরের বারান্দায়। ইউনুস আলী জানান, পাঁচ মাস আগে তাঁর স্ত্রী যমজ দুই সন্তানের জন্ম দেন। প্রতিবেশীরা আদর করে তাদের নাম রাখে রাজা আর বাদশা। রাজা-বাদশার জন্মের পর সন্তানদের দেখতে দুবার বাড়িতে এসেছেন তিনি। শিশু দুটি ছিল তার ভাঙা ঘরে চাঁদের আলো। আগুন লাগার সময় ঘরে ঘুমিয়ে ছিল ওরা। বাদশাকে কোনো মতে বাঁচানো গেলেও রাজাকে বাঁচাতে পারেনি প্রতিবেশীরা। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে এসেছেন তিনি।