
দুই মেয়ে ও এক ছেলে নিয়ে কড়াইল বস্তির পুড়ে যাওয়া ঘরের পাশে বসে ছিলেন ফরহাদ ও তাঁর স্ত্রী অরুনা বেগম। ফরহাদ রাজমিস্ত্রির জোগালি আর অরুনা বাসাবাড়িতে রান্না করেন। একমাত্র ছেলে মহাখালীর একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ফরহাদ প্রথম আলোকে বলেন, চার বছর আগে গ্রাম থেকে এসে তিনি পরিবার নিয়ে এই বস্তিতে ওঠেন। স্বামী-স্ত্রী দুজনের আয়ে সংসার চালিয়ে কিছু টাকা সঞ্চয়ও করেছিলেন তাঁরা। এভাবে প্রায় ৪০ হাজার টাকা রেখেছিলেন বিছানার তোশকের ভেতর। গ্রামের বাড়ি শেরপুর জেলায় একটি ঘর বানানোর স্বপ্ন ছিল তাঁদের। আগুনে সেই তোশকসহ ঘরের সবকিছুই পুড়ে গেছে। ঘরের সঙ্গে পুড়ে গেছে তাঁদের স্বপ্নও।
গতকাল সোমবার কড়াইল বস্তিতে গিয়ে দেখা যায়, বস্তির বউবাজার এলাকাটি পুড়ে ছাই হয়ে গেছে। চারদিকে পোড়া-আধপোড়া জিনিসপত্র পড়ে আছে। পুড়ে যাওয়া ঘরের মানুষগুলো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। বিভিন্ন এনজিওর কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিচ্ছেন। স্থানীয় লোকজন চাঁদা তুলে খিচুড়ি রান্না করে বিলি করছেন। নিজেদের পুরোনো কাপড়চোপড়ও তাঁরা ক্ষতিগ্রস্ত লোকজনকে দিচ্ছেন। বেসরকারি সংস্থা ব্র্যাক গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করেছে। তাদের তথ্য অনুযায়ী, আগুনে ৪৯৩টি পরিবারের প্রায় ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত রোববার অগ্নিকাণ্ডে বস্তির এই অংশের সব দোকান ও ঘর পুড়ে যায়। ছোট ছোট খুপরিঘরগুলোতে নিম্ন আয়ের মানুষের সাজানো সংসার জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়। শুধু পরনের কাপড় ছাড়া ঘরের কোনো কিছুই রক্ষা পায়নি এমন পরিবারের লোকজনের সংখ্যাই বেশি। এমনকি ঘরে রাখা সামান্য সঞ্চয়ের টাকাও পুড়ে গেছে তাদের।
প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্যমতে, বস্তির একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিজুড়ে। আগুনের আকস্মিকতায় নিজ ঘর বা দোকান থেকেও কোনো কিছুই বের করে নিয়ে আসতে পারেননি অনেকে। তবে আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি।
গতকাল বিসমিল্লাহ বেডিং নামের ওই লেপ-তোশক দোকানের মালিক সামাদ খান প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন। হঠাৎ করে দোকানের পেছন দিক থেকে আগুনের হলকা আসে। তিনি মুহূর্তেই প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাইরে বেরিয়ে যান। তিনি বলেন, তাঁর প্রায় ১৪ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।
বেডিংয়ের দোকানের ডান পাশে ছিল একটি দোতলা বাড়ি। বাঁ পাশে একটি চায়ের দোকান। দোকানের পেছনে একটি ছোট খালি অংশ। তারপর ছিল একটি লম্বা মেস। যেখানে ৪০-৫০ জন লোক থাকতেন। সামাদ বলছেন আগুনের উৎপত্তি ওই মেসেই। তবে মেসের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
কড়াইল বস্তিতে পোশাকশ্রমিক, রিকশাচালক, দোকানের কর্মচারী, গৃহকর্মীসহ নিম্ন আয়ের মানুষের বাস। আর পুড়ে যাওয়া বউবাজার এলাকাটির অধিকাংশ লোকই ছিলেন শেরপুর জেলার। ৯-১০ বর্গফুটের এই ঘরগুলোতে তাঁরা থাকতেন মাসিক অন্তত ২ হাজার ৪০০ টাকা ভাড়ায়।
দুই বাক্প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বস্তিতে থাকেন রাশেদা বেগম। তাঁর স্বামী মাটি কাটার কাজ করেন, তিনি করেন ঠিকা গৃহকর্মীর কাজ। আগুনে তাঁর ঘরের সবকিছুও পুড়ে গেছে। পোড়া ঘরের পাশে বসে কাঁদছিলেন এই নারী।
ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ঢাকা অঞ্চলের সমন্বয়ক চৌধুরী মোহাম্মদ ফাহিম রাজীব প্রথম অলোকে বলেন, তাঁরা প্রাথমিক তালিকা করেছেন। এখন যাচাই-বাছাই করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী তাঁদের কী ধরনের সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, পরিবারগুলোকে আশপাশের মানুষেরা খাবার দিচ্ছেন। তবে খাওয়ার মতো থালাবাটিও তাদের নেই। আজ (মঙ্গলবার) ব্র্যাকের পক্ষ থেকে পরিবারগুলোকে খাবার ও পানি পানের জন্য একবার ব্যবহার উপযোগী প্লেট ও গ্লাস দেওয়া হবে।