পুড়েছে ১১টি ঘর ও ১৫টি দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলায় গতকাল সোমবার আগুনে ১১টি ঘর পুড়ে গেছে। একই দিনে গাইবান্ধা শহরে আগুনে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

শেরপুর (বগুড়া): গতকাল সন্ধ্যায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামে আগুন লেগে রইচ উদ্দিনের ছয়টি ঘর ও এছার উদ্দিনের দুটি ঘর পুড়ে যায়। রইচ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বলেন, সন্ধ্যায় রান্নার চুলা থেকে এর পাশে রাখা পাটের আঁশ ও খড়িতে আগুন ধরে যায়। পরে দমকা হাওয়ায় দুই পরিবারের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুপচাঁচিয়া (বগুড়া): গতকাল সকাল ১০টার দিকে উপজেলার তালোড়া সরঞ্জাবাড়ি মহল্লায় মাহবুবুর রহমানের বাড়িতে আগুন লাগে। স্থানীয় ব্যক্তিরা আগুন নেভাতে এগিয়ে আসে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তিনটি ঘরের টিনের ছাউনি পুড়ে যায়।

গাইবান্ধা: ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে আটটার দিকে জেলা শহরের এক নম্বর রেলগেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে কম্পিউটার, লাইব্রেরি, প্রসাধনী, আবাসিক হোটেল, রেস্তোরাঁ, একটি মোটরসাইকেল শো-রুমসহ অন্তত ১৫টি দোকানের মালামাল পুড়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।