পূজা আসছে, প্রতিমা গড়ায় ব্যস্ত শাঁখারীবাজার

পুরান ঢাকার শাঁখারীবাজার রাস্তা ধরে একটু এগোলেই চোখে পড়বে খড়, বাঁশের কাঠি ও মাটিভর্তি একটি দোকান৷ দোকানের মালিক হরিপদ পাল বসে কর্মীদের নির্দেশনা দিচ্ছেন৷ কারিগরদের কোনো দিকে তাকানোর সুযোগ নেই৷ এক মাসও বাকি নেই দুর্গাপূজা আসতে৷ তাই ‘শিমুলিয়া ভাস্কর শিল্পালয়’ নামের দোকানটি ভরে উঠেছে দুর্গাপ্রতিমায়।
হরিপদের বয়স ষাটের ওপরে৷ প্রায় পাঁচ পুরুষ ধরে তাঁরা প্রতিমা গড়ছেন৷ বাড়ি সাভার হলেও মুক্তিযুদ্ধের আগেই চলে আসেন শাঁখারীবাজারে। ছোট থেকে বাপ-দাদাদের দেখেছেন প্রতিমা গড়তে৷ তাঁদের কাছেই কাজ শেখা। বুলবুল ললিতকলা একাডেমি থেকে শিখেছেন শিল্পকলা।
হরিপদ বলেন, ‘আগের মতো কাজ করতে পারি না৷ ডিজাইন এঁকে দিই৷ কারিগরেরা সেটার ওপরে কাজ করে৷’
তিনজন কারিগর কাজ করেন৷ সারা বছরই কমবেশি কাজের ফরমাশ থাকে৷ তবে দুর্গাপূজা এলে ব্যস্ততা অনেক বেড়ে যায়৷ সকালের নাশতা খেয়ে কাজ শুরু করেন৷ শেষ হতে রাত বারোটা বেজে যায়৷ পূজা ঘনিয়ে এলে কাজ চলে সারা রাত। হরিপদ বললেন, একেকটি প্রতিমা বানাতে ৭ থেকে ১৫ দিন সময় লাগে৷
দুর্গাপূজায় হরিপদ আগে প্রায় ১০টা প্রতিমা বানাতেন৷ সেটা এখন কমে তিন-চারটি হয়েছে৷ মাটি ছাড়াও পিতল, সিমেন্ট দিয়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতিমা গড়েন হরিপদ৷
দোকানের একজন কারিগর সুজন চন্দ্র পাল লক্ষ্মী প্রতিমার কাঠামোয় মাটির প্রলেপ দিচ্ছিলেন৷ তাঁরও বংশের পেশা প্রতিমা গড়া৷ বাবা মারা যাওয়ার পর তিনি হরিপদ পালের কাছে কাজ শিখছেন৷
একেকটি প্রতিমা গড়ার জন্য দুই থেকে তিন মাস আগে ফরমাশ নেওয়া হয়৷ আকার, নকশা ও মানভেদে প্রতিমার দাম পড়ে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত৷
হরিপদের দোকান থেকে কয়েক দোকান পরেই আরেকটি প্রতিমার দোকান—অনামিকা ভাস্কর শিল্পালয়৷ এর কর্ণধার সুশীল নন্দী৷ স্বাধীনতার পর থেকে তাঁর এই দোকান৷ সুশীলের বংশের পেশা ছিল না এটা৷ শখের বশে কাজ শিখেছেন৷ এখন সেটা নেশা হয়ে গেছে৷
দোকানে গিয়ে দেখা যায় সুশীল খড় বেঁধে প্রতিমার কাঠামো তৈরির কাজ করছেন৷ এবার তিনি চারটা প্রতিমা গড়ার কাজ পেয়েছেন৷ দোকানে তিনজন কারিগর৷ তিনি বলেন, ‘এ কাজে সম্মান আছে, কিন্তু আর্থিক দিক দিয়ে আমাদের অবস্থা ভালো না৷’
সুশীলের প্রতিমা আকার ও নকশাভেদে দাম পড়বে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা৷ দুর্গাপূজার সময়টাতেই ব্যস্ততা বেশি থাকে৷ সারা বছর অন্যান্য প্রতিমার কিছু কাজ পান৷
শাঁখারীবাজারের এই দুই মৃৎশিল্পী বলেন, দোকানের ফরমাশ ছাড়াও তাঁরা বিভিন্ন মণ্ডপে গিয়ে প্রতিমা গড়েন৷ এঁটেল মাটি ব্যবহার করা হয়৷ মুন্সিগঞ্জ বা মিরপুরের কিছু অঞ্চল থেকে তাঁরা মাটি সংগ্রহ করেন৷
শাঁখারীবাজার ছাড়াও পুরান ঢাকার নর্থব্রুক হল রোডের জমিদার বাড়ি হিসেবে খ্যাত শ্রীশ্রী দুর্গামন্দিরে প্রতিমা বানানো হয়। দেশের বিভিন্ন স্থান থেকে পূজার সময়ে ফরমাশ দিয়ে এখানে গড়া প্রতিমা নেওয়া হয়।