পূজা উদযাপন পর্ষদের প্রতিবাদ সভায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) তৃণমূল পর্যায়ে ভোটে জয়ী হওয়ার পর মনোনয়ন না পাওয়ায় উপজেলা পূজা উদ্যাপন পর্ষদ গতকাল শনিবার বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করে। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির উপস্থিতিতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কালিগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি সনৎ কুমার গাইন ও সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী নির্ধারণে ধলবাড়িয়া ইউপিতে তৃণমূল পর্যায়ের ভোটে মিলন মুখার্জি জয়লাভ করেন। তবে দলের উপজেলা ও জেলা পর্যায় থেকে তৃণমূল প্রার্থীর নাম বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় গাজী শওকাত হোসেনকে। একইভাবে দক্ষিণ শ্রীপুর ইউপিতে গোবিন্দ মণ্ডলকে বাদ দিয়ে প্রশান্ত কুমার সরকারকে মনোনয়ন দেওয়া হয়। মিলন ও গোবিন্দ আওয়ামী লীগের স্থানীয় নেতা। এর প্রতিবাদে গতকাল বিকেল সাড়ে পাঁচটায় কালিগঞ্জ গোলচত্বরে উপজেলা পূজা উদ্যাপন পর্ষদ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্য রণজিৎ দেবনাথ বক্তব্য দিচ্ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান শেখ অহেদু্জ্জামানের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি তানভীর রহমান ও তরুণ লীগের সভাপতি শাহাজালালের নেতৃত্বে হামলা চালিয়ে মঞ্চ দখল করে নেওয়া হয়। এ সময় রণজিৎ দেবনাথকে মারধর করা হয়। একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তাঁরা বলেন, সভা থেকে কালিগঞ্জ পূজা উদ্যাপন পর্ষদ উপজেলার ১২টি ইউনিয়নে ১২ জন স্বতন্ত্র প্রার্থী নির্ধারণ করেন।
শেখ অহেদু্জ্জামান বলেন, ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা যে কেউ করতে পারেন। তবে ওই সভা থেকে আমার বিরুদ্ধে বলা হচ্ছিল, আমি মেম্বর ভোটেও পাস করতে পারব না। এ বিষয়ে আমি সমাবেশে গিয়ে আয়োজকদের জিজ্ঞাসা করেছি। এ সময় আমার কয়েকজন সমর্থক উত্তেজিত হলে তাঁদের নিয়ে আমি চলে আসি। হামলা করা হয়নি।’