পূজা উদ্যাপন পরিষদে দলীয় বিভক্তির আঁচড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের বিভক্তির আঁচড় পড়েছে জেলা পূজা উদ্যাপন পরিষদে। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও জেলায় সাজেদাপন্থী হিসেবে পরিচিত বিপুল ঘোষ। অন্য পক্ষে আছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল সাহা।বিপুল ঘোষ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতির দায়িত্বে আছেন আগে থেকেই। ওই কমিটির কোনো বৈধতা নেই—এমন অভিযোগে শ্রমমন্ত্রীর অনুসারী নেতারা ২২ সেপ্টেম্বর জেলার বিভিন্ন মণ্ডপ কমিটির লোকজনকে নিয়ে এক মতবিনিময় সভা করেন। সভায় ‘জেলা পূজা উদ্যাপন পরিষদ’ নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সুবল সাহাকে আহ্বায়ক ও বিশ্বজিৎ গাঙ্গুলিকে সদস্যসচিব করা হয়েছে।এ ঘটনায় বিপুল ঘোষ ২২ সেপ্টেম্বর রাত আটটা ৪৯ মিনিটে তাঁর মুঠোফোন থেকে ওই মতবিনিময় সভার উপস্থাপক ভাঙ্গা কেএম কলেজের প্রভাষক সৌমিত্র মজুমদারকে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল করেন বলে কোতোয়ালি থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করেছেন সৌমিত্র। এর প্রতিবাদে পরদিন বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ‘সচেতন সনাতন নাগরিক কমিটি’র উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে শ্রমমন্ত্রী-সমর্থিত অংশের নেতারা বক্তব্য দেন।গালাগাল করা বা হত্যার হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বিপুল ঘোষ প্রথম আলোকে বলেন, ‘যে ছেলেকে আমি গালাগাল করেছি বা হত্যার হুমকি দিয়েছি বলে দাবি করা হচ্ছে, তাকে আমি চিনি না। তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।’ তিনি আরও বলেন, কোনো বাড়িতে বা মন্দিরে কেউ নিজস্ব কমিটি করতে পারে। কিন্তু পূজা উদ্যাপন কমিটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত। কোনো কমিটি ভাঙতে হলে বা তৈরি করতে হলে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে করবেন। কোনো ব্যক্তিবিশেষের পূজা উদ্যাপন পরিষদ গঠনের কোনো বৈধতা নেই।এ বিষয়ে নবগঠিত পূজা উদ্যাপন কমিটির সদস্যসচিব বিশ্বজিৎ গাঙ্গুলি বলেন, ‘আমরা বিভেদ চাই না। সব মণ্ডপ কমিটির লোকজনকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। বিপুল ঘোষের কমিটির কোনো বৈধতা নেই। আমরা এ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছি। বিপুল ঘোষ তিন মাসের জন্য কমিটির সভাপতি হয়ে তিন বছর কাটিয়ে দিয়েছেন। তিনি গায়ের জোরে নেতা হয়েছেন।’