পূজা উপলক্ষে সেই তিন মেয়ে পেল নতুন জামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় হরিজন সম্প্রদায়ের সেই তিন মেয়ে পূজায় নতুন জামা পেয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত রোববার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিন মেয়ের হাতে নতুন জামা তুলে দেন। ওই তিন মেয়ে হলো ঝিনুক রানী বিশ্বাস, প্রতিমা রানী বিশ্বাস ও প্রিয়া রানী বিশ্বাস।

রোববার দুপুরে তিন মেয়েকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডেকে পাঠানো হয়। সেখানে তাদের কম্পিউটার প্রশিক্ষণের সনদ তুলে দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের জন্য সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে তাদের বিনা মূল্যে দুই মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপর তিন মেয়েকে এক সেট করে নতুন জামা উপহার দেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ রতন, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান, টিআইবির কুষ্টিয়া শাখার সমন্বয়কারী রফিকুল আলম।

ঝিনুক রানী বিশ্বাস বলে, এত ব্যস্ততার মধ্যেও জেলা প্রশাসক তাদের মনে রেখেছেন, এ জন্য তারা কৃতজ্ঞ। প্রতিমা বলে, সমাজে অবহেলিতদের একটু সহযোগিতা ও ভালোবাসলে যে কেউ যেকোনো স্থান থেকে উঠে আসতে পারে।

গত ১৪ জুলাই প্রথম আলোতে ‘আঁধার ঘরে এক ফালি আলো’ ও ২৩ জুলাই ‘ওরা পেল স্যালুট, বই আর চাকরির নিশ্চয়তা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাতে বলা হয়, কুষ্টিয়া শহরের সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের ওই তিন কিশোরী শত বাধা পেরিয়ে এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসক তিন কিশোরীর লেখাপড়ার দায়িত্ব নিয়ে তাদের প্রত্যেকের হাতে একাদশ শ্রেণির এক সেট করে বই তুলে দেন। পড়াশোনা শেষে তাদের চাকরি প্রদানেরও নিশ্চয়তা দেন তিনি।