পূজা এলে বাড়ে কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ঢোল, খোল, তবলা। আধুনিক বাদ্যযন্ত্রের কারণে উৎসব-অনুষ্ঠানে এখন আর ঢোলের তেমন কদর না থাকলেও পূজা-পার্বণে এখনো ডাক পড়ে ঢুলিদের। পূজার আরতিতে ঢোলের টাকডুম টাকডুম বোলের এখনো কোনো বিকল্প নেই। তাই বছরের এ সময়টাতে ব্যস্ত সময় পার করেন ঢুলি থেকে শুরু করে ঢোল-খোলের কারিগরেরা।
এসে গেছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা। ঢাকের তালে তালে এগিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দশমীর দিন। এখন নীলফামারীতে জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রমতে প্রায় আড়াই শ পরিবার এ বাদ্যযন্ত্রসহ বাদ্যযন্ত্র তৈরির কাজে জড়িত। এর মধ্যে সদর উপজেলায় ৫০টি পরিবার ঢাক, ঢোল, তবলা, কংগো, বংগো, দোতারা, তবলা, ঢুগি, খোল, খঞ্জনি ও একতারার মতো বাদ্যযন্ত্র তৈরি করেন। একসময় এখানকার বাদ্যযন্ত্র বিশেষ করে ঢোল ও খোল দেশের চাহিদা মিটিয়ে পাশের দেশ ভারত ও নেপালে পাঠানো হতো।
ঢোল তৈরিতে গ্রামবাংলার কারিগরেরা কাঁচামাল হিসেবে দেশীয় আম, জাম, রেইনট্রি, কড়াই ও মেহগনি কাঠ ব্যবহার করেন। আর ঢাকের ছাউনির জন্য ছাগল ও ভেড়ার চামড়া এবং বেড়ি দেওয়ার জন্য মহিষের চামড়া ব্যবহার করে থাকেন। এখন এসব কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় আগের মতো আর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলোর কদর না থাকায় কমে গেছে তাঁদের উৎপাদিত পণ্যের দাম। তাই খরচ পোষাতে কাঠের বদলে মাটি ও টিন দিয়ে তৈরি হচ্ছে ঢোল।
নীলফামারী জেলা শহরের গাছবাড়ী এলাকার ঢোল তৈরির কারিগর মানিক চন্দ্র দাস (৪০)। তিনি বলেন, ‘এটা আমার জন্মগত পেশা। প্রায় ৩০ বছর আগে বাবার সঙ্গে কাজ শুরু করেছি। বাবা মারা যাওয়ার পর আমি এ কাজের দায়িত্ব নিয়েছি। এখন আট মাস কীর্তন করি আর চার মাস ঢোল বানাই।’ তিনি আরও বলেন, আগে কাঠের তৈরি একটি ঢোল বিক্রি হতো চার থেকে পাঁচ হাজার টাকায়। আর মাটির তৈরি খোল বিক্রি হতো ১০০ থেকে ২০০ টাকায়। তাতেই অনেক লাভ থাকত। এখন কাঠের তৈরি একটি ঢোলের দাম পড়ে আট হাজার টাকা। টিন দিয়ে তৈরি ঢোলের দাম পড়ে আড়াই থেকে তিন হাজার টাকা। আর মাটির তৈরি খোলের দাম দেড় থেকে দুই হাজার টাকা। কিন্তু এখন আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে স্থানীয়ভাবে তৈরি এসব বাদ্যযন্ত্রের চাহিদা একেবারে কমে গেছে। শুধু পূজা এলে কদর বাড়ে। সারা বছর কাজই পাওয়া যায় না। তাই ঢোল তৈরির কাজে আগ্রহ হারিয়ে ফেলছেন বলে জানান মানিক চন্দ্র।
নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের সুবাস ঋষি (৫০) বলেন, ‘একসময় দেশের বিভিন্ন এলাকা থেকে কাজের অর্ডার আসত, আমাদের তৈরি ঢোল-খোল ভারত ও নেপালে যেত। কিন্তু এখন আর তেমন অর্ডার আসে না। দুর্গাপূজার জন্য কিছু কাজ করছি। এই কাজ করে এখন সংসার চালানো যায় না।’
নীলফামারী ভাওয়াইয়া সংগীত একাডেমির সভাপতি জামিল ইসলাম ও স্বরনালী সুরসংগীত একাডেমির সভাপতি ফেরদৌস আলম বলেন, আধুনিকতার ছোঁয়ায় ঢোলের কদর অনেকটাই কমে গেছে। এ ছাড়া এ সম্প্রদায়ের লোকজনদের পুঁজির অভাবে দেশীয় বাদ্যযন্ত্র এখন বিলুপ্তির পথে। দেশের ঐতিহ্য ধরে রাখতে এ সম্প্রদায়কে বাঁচিয়ে রাখা দরকার বলে মত প্রকাশ করেন তাঁরা।
নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন বলেন, ‘আমি সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি উপজেলাভিত্তিক সমিতির মাধ্যমে এ কাজে আর্থিক সহায়তা দেওয়ার জন্য।’