পূজা ও ঈদে মণিপুরি কাপড়ের দারুণ কদর
‘ভাই, একটা মণিপুরি শাড়ি পাঠাইয়েন। রং যেন গাঢ় হয়।’ এ রকম আবদার সিলেটিদের প্রায়ই শুনতে হয়। কারণ, মণিপুরি শাড়ি কিংবা কাপড়ের ঐতিহ্যের কথা এখন আর কারও অজানা নয়।
যেকোনো উৎসব-পার্বণে দেশের অন্য অঞ্চলের বাসিন্দারা সিলেটিদের কাছে মণিপুরি কাপড় উপহার হিসেবে পাওয়ার প্রত্যাশা করে থাকেন। অধিকাংশ সিলেটিও মণিপুরি কাপড় উপহার দেওয়া রেওয়াজে পরিণত করে ফেলেছেন। দুর্গাপূজা ও ঈদ উপলক্ষে এরই মধ্যে সিলেটের মণিপুরি কাপড়ের দোকানগুলোতে হরেক নকশা ও বৈচিত্র্যের কাপড়ের সমাহার ঘটেছে। ক্রেতারাও এসব কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন। তুলনামূলকভাবে দাম কম হওয়ায় সব ধরনের মানুষই এ কাপড় কিনতে পারছেন। নগরের লামাবাজার এলাকায় মণিপুরি কাপড়ের সর্ববৃহৎ বাজার। এখানে মণিপুরি কাপড়ের শতাধিক দোকান রয়েছে।
সিলেট মণিপুরি শাড়ি ঘরের ব্যবস্থাপনা পরিচালক মিহির রঞ্জন দাশ জানান, মণিপুরি কাপড়গুলো উন্নত মানের মিহি সুতা দিয়ে তৈরি। এ কাপড় তৈরিতে মণিপুরিরা নিজেদের উদ্ভাবিত সুতা ও নিপুণশৈলী ব্যবহার করে থাকেন। কাপড়ে বৈচিত্র্য এবং আধুনিকতার মিশেল থাকায় সহজেই ক্রেতাদের নজর কাড়ে।
মণিপুরি ভাষা ও সাহিত্যের গবেষক এ কে শেরাম প্রথম আলোকে বলেন, ‘মণিপুরি কাপড়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সংকট ও সমস্যা সত্ত্বেও মণিপুরি তাঁতশিল্পের সঙ্গে সম্পৃক্তরা নিজেদের ঐতিহ্য ধরে রেখেছেন। বিভিন্ন উৎসব-পার্বণে মণিপুরি কাপড়ের কদর বেড়ে যায়। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও মণিপুরি কাপড় রপ্তানি হচ্ছে। ঐতিহ্য সম্প্রসারণের এ বিষয়টি নিঃসন্দেহে আমাদের আশান্বিত করে তোলে।’