পূজা ও ঈদের আগে বেতন, উৎসব ভাতা অনিশ্চিত
দুই দিন পরেই হিন্দুদের শারদীয় দুর্গোৎসব, এরপর মুসলমানদের ঈদুল আজহা। দেশের দুই প্রধান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঘিরে ঘরে ঘরে চলছে প্রস্তুতি। অনেক পরিবার আবার ইতিমধ্যে শেষ করে ফেলেছে সব কেনাকাটা। কিন্তু বেতন ও উৎসব ভাতা এখনো না পেয়ে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের পূজা ও ঈদ-আনন্দ ফিকে হতে শুরু করেছে।
ঠাকুরগাঁও চিনিকল সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ মৌসুমে চিনিকলের ১৫ হাজার ৪৪৪ মেট্রিক টন আখ মাড়াই করে আট হাজার ৯০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়। কিন্তু এর আগের দুটি মৌসুমের পাশাপাশি চলতি মৌসুমের উৎপাদিত চিনিও বিক্রি না হওয়ায় ১৩ হাজার ৩৫০ মেট্রিক টন চিনি গুদামে পড়ে আছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫ কোটি টাকা।
চিনিকলের শ্রমিক মোহাম্মদ আলী বলেন, ‘গত ঈদে টাকার অভাবে ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দিতে পারিনি। এই ঈদের সময় কিনে দেওয়ার আশ্বাস দিয়ে ওদের শান্ত করি। এবার উৎসব ভাতা তো দূরের কথা, বেতনও পাব কি না ঠিক নেই। ছেলেমেয়েদের মুখের দিকে তাকাতে পারছি না। টাকা না পেলে ঈদ করা খুবই কঠিন হয়ে পড়বে।’ বিদ্যুৎ বিভাগের শ্রমিক আকালু বর্মণ জানান, বেতন ও উৎসব ভাতা না হওয়ায় পূজার আনন্দ মাটি হতে বসেছে।
চিনিকলের উপব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী জানান, বর্তমানে চিনিকলে ৫৫৩ জন স্থায়ী কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক রয়েছেন। আর মৌসুমি কর্মচারী-শ্রমিক রয়েছে ৩৫৭ জন। এসব শ্রমিক-কর্মচারীর প্রতি মাসে বেতন প্রয়োজন প্রায় এক কোটি ২০ লাখ টাকা। ঈদ-পূজায় উৎসব ভাতা লাগে প্রায় ৮০ লাখ টাকা। নিয়ম অনুযায়ী চিনি বিক্রি করেই এসব টাকা পরিশোধ করার কথা। বাজারে চিনির চাহিদা না থাকায় চেষ্টা করেও চিনি বিক্রি করা যাচ্ছে না। ফলে পূজা-ঈদের মাসেও শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না।
ঠাকুরগাঁও চিনিকলের এমডি এস এম আজিজ জানান, আগে উৎপাদিত চিনি বিক্রি না হলেও বিএসএফআইসি থেকে ছাড় করা টাকা দিয়ে বেতন ও উৎসব ভাতা দেওয়া হতো। এবার বিএসএফআইসি চিনি বিক্রি করেই সব ধরনের পাওনা পরিশোধ করতে বলেছে। বিএসএফআইসি হস্তক্ষেপ না করলে বেতন ও উৎসব ভাতা ছাড়াই শ্রমিক-কর্মচারীদের পূজা ও ঈদ উদ্যাপন করতে হবে।