পূজা ও মেলার জায়গা ইজারা দেওয়ায় ক্ষোভ

জায়গাটি পূজাখোলা হিসেবে পরিচিত। ২৫ শতাংশ জমি ইজারা দেওয়া হয়েছে তিন ভূমিহীনকে। এ নিয়ে ওই এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের পূজাখোলায়।
শতাধিক বছর ধরে বিভিন্ন ধরনের পূজা, মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান করা হয় ওই জমিতে।
এলাকাবাসী এই ইজারা বাতিলের দাবিতে গত ২২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ২৩ মার্চ জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
ওই এলাকার ৩৫ জন বাসিন্দার স্বাক্ষরিত ওই আবেদনপত্রে বলা হয়, ‘ওই জমিতে সর্বজনীন সরস্বতী পূজা, পয়লা বৈশাখে ভগবতী পূজা, মাঘী পূর্ণিমার মেলা, পৌষসংক্রান্তির বাস্তুপূজা, চৈত্র মাসে দেল পূজা, মনসা পূজা এবং শিব পূজা কমপক্ষে ১০০ বছর আগে থেকে জাঁকজমকের সঙ্গে করে আসছি। উল্লিখিত জমিতে বট, পাকড়, জিকা, উড়ি আম ও শেওড়াগাছ রয়েছে, যা আমাদের বিভিন্ন পূজায় ব্যবহৃত হয় এবং ঐতিহ্য হিসেবে স্বাক্ষর বহন করে আসছে। ওই জায়গাটিই ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের একমাত্র স্থান। ওই জায়গাটি সম্প্রতি তিন ব্যক্তির নামে ইজারা দেওয়া হয়েছে। এ জন্য আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ নভেম্বর একই উপজেলার জয়পাশা এলাকার তিন ভূমিহীন সৈয়দ হাচেন আলী ও তাঁর স্ত্রী পেয়ারী বেগম, নুর আলী ও তাঁর স্ত্রী আরজিনা বেগম এবং নুর আলীর ভাই ছিরু আলী ও তাঁর স্ত্রী স্বপ্না বেগমকে ওই ২৫ শতাংশ জমি কবুলতমূলে দলিল করে দেওয়া হয়।
গত ২৭ মার্চ সরেজমিনে দেখা গেছে, ওই জায়গায় গাছগুলোর গোড়ায় একটি টিনের ছাপরা রয়েছে। এটি এলাকাবাসী পূজার কাজে ব্যবহার করেন। এর পাশে ভূমিহীন সৈয়দ হাচেন আলী আটটি বাঁশ ও সাতটি টিন দিয়ে একটি চালা তুলেছেন।
ওই এলাকার গৃহবধূ আলেয়া বেগম প্রথম আলোকে জানান, হিন্দুরা এ গাছতলায় পূজা করে, মেলা বসে। জিকাগাছের নিচে পৌষ মাসে বাস্তু পূজা হয়। স্থানীয় শরিফ মিজানুর রহমান বলেন, ‘এখানে মেলাও বসে। আমরা হিন্দু-মুসলমান সবাই মিলে মেলায় কেনাকাটা করি।’
একই এলাকার দেবী রানী বলেন, ‘এই গাছের নিচে আমরা দুধ-কলা দেই, মনসা পূজা করি। এলাকার লোক এই পাঁচটি গাছের একটি ডাল ধরে না, পাতাও ছেঁড়ে না।’
ফরিদপুর জজ কোর্টের আইনজীবী রতন কুমার শরণ প্রথম আলোকে বলেন, ‘ওই জমি পূজাখোলা হিসেবে মৌখিকভাবে আমাদের পূর্বপুরুষেরা দান করে গেছেন। ১৯৪২ সালের আরএস রেকর্ডে ওই জায়গা পূজাখোলা হিসেবেই রেকর্ড হয়। কিন্তু ১৯৮৫ সালে বিএস রেকর্ডের সময় ওই জমি সরকারি খাস হিসেবে রেকর্ড হয়।’
ওই জমির নতুন ইজারাদার নুর আলী বলেন, ‘আমরা ভূমিহীন। জয়পাশা সৈয়দ ফজলুল হক উচ্চবিদ্যালয়ের জায়গায় ৩০ বছর ধরে আমরা বসবাস করছি। ওই স্কুলের উন্নয়নকাজ হবে বলে আমাদের চলে যেতে বলেছে। এ জন্য আমরা সরকারের কাছ থেকে এ জমি ইজারা নিয়েছি।’ আরেক ইজারাদার সৈয়দ হাচেন আলী বলেন, ‘এ জমি দলিল করে নিতে আমাদের প্রত্যেক পরিবারের ২ হাজার ৩০০ টাকা খরচ হয়েছে।’
পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল আলম বলেন, এই জমি যে কায়দায়ই হোক সরকারের খাস খতিয়ানে গেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্য খাস জমি না দিয়ে হিন্দুদের পূজা-অর্চনা ও মেলার এ জায়গা কেন দেওয়া হলো? এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
বোয়ালমারী উপজেলার ইউএনও রওশন আরা বলেন, ‘ধুলজোড়া গ্রামবাসীর আবেদন আমি এখনো দেখিনি। আমি আবেদনটি দেখে রেকর্ড পর্যালোচনা করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’