পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র। গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নরসিংদী শাখা তাঁকে জেলার পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানায়।রজিত মিত্র প্রথমে নরসিংদীর প্রাচীন চিনিশপুর কালীবাড়ী মন্দির পরিদর্শন করেন। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি সরোজকুমার সাহার সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য দেন জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জিতকুমার সাহা, ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির জেলা সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পল্টু সাহা এবং চিনিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া।পরে রজিত মিত্র নরসিংদীর চেম্বার অব কমার্স কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ব্যবসায়ীরা বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে না। দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে হলে ভারত-প্রবেশের ভিসাপ্রাপ্তি সহজ করতে হবে। জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারত ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে। ভারত এর আগে কোনো দেশের সঙ্গে এত বড় চুক্তি করেনি। এ ছাড়া চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে এরই মধ্যে সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। খুলনায় নতুন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। নদী ও রেলপথ সংস্কার করতে ভারতের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে শুরু করেছেন। চেম্বার অব কমার্সের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজয় দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী প্রমুখ।