পূজামণ্ডপে পুলিশের মারধর, আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে গত বৃহস্পতিবার রাতে একটি পূজামণ্ডপে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নারীসহ ১৬ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিমা কালো কাপড়ে ঢেকে পূজা বন্ধ করে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে কালো ব্যাজ পরে মৌন মিছিল করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।তাহিরপুর উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাটিকে ন্যক্কারজনক অভিহিত করে বলেন, ‘আমি আয়োজকদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছি। জেলা প্রশাসক মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে।’প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহিরপুরের (খলাহাটি) পূজামণ্ডপের আয়োজকদের মধ্যে জেনারেটর আনা নিয়ে বৃহস্পতিবার রাতে কথা-কাটাকাটি হয়। এ সময় একপক্ষ পুলিশকে খবর দিলে প্রথমে একজন কনস্টেবল এসে লোকজনকে মারধর করে। পরে উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে পূজামণ্ডপে উপস্থিত পুরোহিতসহ নারী-পুরুষ সবাইকে লাঠিপেটা করে। এতে ১৬ জন আহত হন। আহতদের মধ্যে অজয় বর্মণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পূজা কমিটির সভাপতি সুশীল বর্মণ জানান, মণ্ডপে জেনারেটর আনা নিয়ে আমাদের নিজেদের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। বিষয়টি কে একজন পুলিশকে জানায়। পুলিশ এসে কারও সঙ্গে কোনো কথা না বলেই নারী-পুরুষ সবার ওপর লাঠিপেঠা শুরু করে। তারা নারীদের মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করেছে। তাহিরপুর বণিক সমিতির সভাপতি রতন গাঙ্গুলি বলেন, ‘এমন অমানবিক ঘটনা আমি আগে দেখিনি। কোনো কিছু বোঝার আগেই পুলিশ মানুষের ওপর হামলে পড়ে। যারা তাদের থামাতে চেষ্টা করেছে তারাও মারধরের শিকার হয়েছে।’ঘটনার পর আয়োজকেরা পূজার আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। তাঁরা প্রতিমা কালো কাপড়ে ঢেকে রাখেন। রাত ১২টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত পুলিশসদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এরপর ইউএনও মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান ও আয়োজকদের সঙ্গে কথা বলেন। অভিযোগের বিষয়ে এসআই খলিলুর রহমান বলেন, ‘ইউপি সদস্য রনজু মুখার্জি মদ খেয়ে পূজাস্থলে মাতলামি করছেন খবর পেয়ে আমরা গিয়েছিলাম। সেখানে একপর্যায়ে রনজু পুলিশের গায়ে হাত দেন। পরে পরিস্থিতির কারণেই কিছু লাঠিচার্জ করতে হয়েছে।’ রনজু মুখার্জি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ নিজেদের দোষ ঢাকতেই এখন এসব কথা বলছে।’