গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। পূজামণ্ডপে যারা বিশৃঙ্খলার সৃষ্টি করবে তারা দলের হোক আর যে মহলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না। যদি কোনো মহল সাম্প্রদায়িক উসকানি দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ১৪৭টি পূজামণ্ডপ কর্তৃপক্ষকে ৫০০ কেজি চালের সমপরিমাণ অর্থ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করে দেশের চলমান চাকা রুদ্ধ করে নতুন পাকিস্তান তৈরির চেষ্টা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. শহীদ উল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার প্রমুখ।