পূজার অনুষ্ঠানে বখাটেদের হামলা, কিশোর নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় গত বুধবার রাতে পূজা উপলক্ষে আয়োজিত গানের অনুষ্ঠানে বখাটে যুবকদের হামলায় রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আছারউদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাতে সিরাজদিখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আবদুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে পূজামণ্ডপের পাশে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান শুরুর পর রাত ১১টার দিকে কে বা কারা সেখানে পানি ছিটিয়ে দেয়। এ নিয়ে স্থানীয় বখাটে যুবক রজ্জব আলী, সজীব, আদিল ও টুটুলের সঙ্গে রায়হানের কথা-কাটাকাটি হয়। এ সময় তারা রায়হানের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। একপর্যায়ে বখাটেরা রায়হানের গলার ভেতরে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। গুরুতর আহতাবস্থায় রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ কুচিয়ামোড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।