পূজার আনন্দের মধ্যে আছে হতাশাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনায় দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব চলছে, যা শেষ হবে আজ বৃহস্পতিবার। এবারের নিরাপত্তা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে সেই অর্থে প্রশ্ন নেই। কিন্তু অতীতের কিছু বিষয় নিয়ে ক্ষোভ ও হতাশা রয়ে গেছে।
দেবী-দর্শন, পূজা-অর্চনা, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি, প্রসাদ গ্রহণ ও আরতির আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দুধর্মাবলম্বীদের কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তাঁরা কেমন আছেন। জবাবে কেউ জোর দিয়ে বললেন না, আমরা ভালো আছি। তবে তাঁরা খুব খারাপ আছেন, এমন কথাও সরাসরি বলেননি।
সরকারের একজন যুগ্ম সচিব পূজার ছুটিতে গেছেন পাবনার একটি উপজেলায়। সেখানে পূজা কেমন হচ্ছে, জানতে চাইলে গতকাল বিকেলে ওই কর্মকর্তা বললেন, গত বছরের চেয়ে নিরাপত্তা বেশ ভালো। তিনি জানান, নগরবাড়ী ঘাট টার্মিনালে কয়েক বছর আগেও একটি পূজামণ্ডপ হতো, এবার ছয়টি মণ্ডপ হয়েছে কোয়ার্টার কিলোমিটারের মধ্যে। প্রতিটির সাজসজ্জা চমৎকার। বোঝা যায়, সংখ্যালঘুদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার পূজা হচ্ছে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে, গতবার হয়েছিল ২৮ হাজার ৩৮৭টিতে।
পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা শঙ্কিত না। তবে অধিকতর সজাগ।’
উৎসবমুখর পরিবেশ থাকলেও পুরোনো স্মৃতি এবং অজানা আশঙ্কা থেকে বের হতে পারেননি সংখ্যালঘুদের অনেকেই। চট্টগ্রামে অবস্থান করা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে জানালেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ভালো। কিন্তু পূজামণ্ডপগুলোতে জনসমাগম কম মনে হচ্ছে। মানুষের চাপে রাস্তা বন্ধ করার মতো পরিস্থিতি তিনি দেখছেন না।
রান দাশগুপ্ত বলেন, যেকোনো ধরনের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতিতে অন্যায়ের প্রথম শিকার হয় সংখ্যালঘুরা। কিন্তু বিচার পায় না। বিচারহীনতার এই সংস্কৃতি দূর করতে হবে।
২০০১ সালের নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার পরের বছর তারা শারদীয় দুর্গাপূজা উৎসব বর্জন করেছিল। আওয়ামী লীগ এসব ঘটনা তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০০৯ সালের ২৭ ডিসেম্বর অবসরপ্রাপ্ত একজন সাবেক জেলা জজের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশন পাঁচ হাজার ঘটনা আমলে নিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ২০১১ সালের ২৪ এপ্রিল প্রতিবেদন জমা দেয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এরপর থেকে কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
রানা দাশগুপ্ত বলেন, ‘সাবেক দুই স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কয়েক দফা কথা বললেও ফলাফল শূন্য। ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর বিচার হয়নি। দু-একটি ঘটনার বিচার হলেও রায় কার্যকর হচ্ছে না।’
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও নির্বাচন-পরবর্তী সময়ে এবং ১৯৯০ সালে বাবরি মসজিদ ভাঙার গুজব ছড়িয়ে, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পর, সর্বশেষ দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
তিন বছর আগে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামু, উখিয়া ও টেকনাফের ঘটনায় ১৯টি মামলা হয়, অভিযোগ দেওয়া হয় ৯৫৯ জনের বিরুদ্ধে। কিন্তু ওই ঘটনায় জড়িত অপরাধীদের অনেকেরই নাম বাদ দিয়ে অভিযোগপত্র দেওয়া এবং নির্দোষ অনেকের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। ওই বিচারও আটকে আছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু কে দাস বলেন, যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এভাবে চলতে থাকে, তাহলে ২০-২৫ বছরের মধ্যে সংখ্যালঘুরা নৃগোষ্ঠীতে পরিণত হতে পারে। এমনকি অবস্থাটা পাকিস্তানের মতো হতে পারে, যেখানে সংখ্যালঘু এখন ১ শতাংশের কম।
আদমশুমারির তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, হিন্দুধর্মাবলম্বীদের সংখ্যা ক্রমাগত কমছে। স্বাধীনতার পর ১৯৭৪ সালের প্রথম আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশে ১৩ দশমিক ৫ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল। ১৯৮১ সালে সেই সংখ্যা ১২ দশমিক ১৩, ১৯৯১ সালে ১১ দশমিক ৬২ এবং ২০০১ সালে ৯ দশমিক ৩ শতাংশে নেমে আসে। আর ২০১১ সালে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ৮ শতাংশ।
অবশ্য সুধাংশু কে দাস মনে করেন, আদমশুমারিতে যে সংখ্যা দেখানো হয়, হিন্দুদের কমে যাওয়ার সংখ্যা তার চেয়ে বেশি।
সংখ্যালঘু নেতাদের মতে, মূলত দেশ ছেড়ে চলে যাওয়ার কারণেই হিন্দুধর্মাবলম্বীদের সংখ্যা কমছে। এর পেছনে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য এবং বিদেশে সামাজিক মর্যাদা ও উন্নততর জীবন পাওয়ার সুযোগ বড় ভূমিকা রাখছে।
সংখ্যালঘুদের বড় গন্তব্য এখন পর্যন্ত ভারত। সেখানে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বেড়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ৩৩০টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৩০টি দাঙ্গার ঘটনা ঘটেছে। ২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দাঙ্গার ঘটনা ছিল ২৫২।
সাম্প্রদায়িক দাঙ্গার এই হিসাবও যেমন আছে, তেমনি ভারত সম্প্রতি জানিয়েছে যে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় সংখ্যালঘুদের যারাই ভারতে প্রবেশ করেছেন, তাদের সবাইকে সে দেশে বৈধভাবে বসবাসের সুযোগ দেওয়া হবে।
এই ঘোষণায় সাধারণ সংখ্যালঘুরা খুশি হলেও সামগ্রিকভাবে এটা সুখকর নয় বলে মনে করেন সুধাংশু কে দাস। তিনি বলেন, ‘আমরা চাই না কেউ ভারতে চলে যাক। বরং এখানে তাদের জন্য এমন নিরাপত্তাবলয় তৈরি করা হোক, যাতে তারা নিজের দেশেই থাকে।’
সংখ্যালঘু নেতারা বলেন, হিন্দুরা দেশ ছাড়লে মৌলবাদী রাজনৈতিক দলগুলোর দুই দিক থেকে লাভ। প্রথমত, ভোটের হিসাবে যারা নিশ্চিত বিপক্ষে অবস্থান করবে, তারা দেশ ছাড়লে ভোটের হিসাবে লাভ হয়। দ্বিতীয়ত, হিন্দুরা দেশছাড়া মানেই তাদের বাড়িঘর-সম্পত্তি বিনা টাকায় অথবা কম টাকায় পাওয়া যায়।
এ প্রসঙ্গে যুগ যুগ ধরে আটকে থাকা অর্পিত সম্পত্তি আইন নিয়ে জটিলতার অবসান চায় সংখ্যালঘুরা। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার প্রথম আলোকে বলেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্পিত সম্পত্তি আইন নিয়ে এ পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে, তার মূল কারণ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ। তবে আমরা মনে করি, প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তাঁর নেতৃত্বে সংখ্যালঘুরা একসঙ্গে ও সম-অধিকার নিয়ে থাকতে চায়।’
রানা দাশগুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রী গত মঙ্গলবার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সংখ্যালঘুদের বসবাস করতে বলেছেন। কারণ, তিনি বুঝেছেন সংখ্যালঘুরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’ এই সংখ্যালঘু নেতা মনে করেন, আত্মবিশ্বাস ফেরাতে সরকার ও প্রশাসনকে সুশাসনের নিশ্চয়তা দিতে হবে, প্রতিটি ঘটনার বিচার করতে হবে।