পূজার আলপনায় রাঙল দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির দেয়ালে আঁকা আলপনা দেখছেন বিচারকেরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
মাটির দেয়ালে আঁকা আলপনা দেখছেন বিচারকেরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র জাতিসত্তা-অধ্যুষিত গ্রাম বাবুডাইং ও শান্তিপাড়ার ৫২টি বাড়ির মাটির দেয়ালে আলপনা আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয় এ প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের গৃহবধূ ও মেয়েরা এতে অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বাড়িগুলোর নারীরা নিজ নিজ বাড়ির দেয়ালে আলপনা আঁকেন। এদিকে শিক্ষার্থীরাও তাদের প্রিয় বিদ্যালয়টি রাঙিয়ে তোলে। তবে বিদ্যালয়টি এ প্রতিযোগিতার বাইরেই ছিল। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অনিতা কোল হাঁসদা, সুরুজমনি কোল টুডু ও রিমা কোল হাঁসদা। এ ছাড়া অংশগ্রহণকারী অন্য সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, নারীনেত্রী মনোয়ারা খাতুন ও গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু। বিচারকেরা গতকাল সোমবার বেলা ১১টায় প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি বাড়ি পরিদর্শন করেন। বিচারক দলে রয়েছেন বিদ্যালয়টির শিক্ষক বিমল কোল হাঁসদা, নির্মল কোল সরেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী মারজান লামিয়া ও নৃবিজ্ঞান বিভাগের উম্মে মাহবুবা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার যুগ্ম সম্পাদক সোনিয়া খাতুন।

দুপুর সাড়ে ১২টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল টুডু। অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাই চন্দ্র দাস, মোড়ল কার্তিক কোল টুডু, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্যসচিব মনোয়ারা খাতুন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রথম স্থান অধিকারী অনিতা কোল হাঁসদা বলেন, ‘প্রতিবছরই আমরা পূজার উৎসব করে থাকি। এ সময় আমাদের বাড়িঘরও লেপা-পোঁচা করে রং দিয়ে আলপনা করি। কিন্তু এবার প্রতিযোগিতার কারণে সবাই বিশেষ যত্ন নিয়ে আলপনা এঁকেছি। খুব মজা হয়েছে।’

কানাই চন্দ্র দাস বলেন, বরেন্দ্র অঞ্চলের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী যেকোনো ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে মাটির দেয়াল, আঙিনা লেপে-পোঁচে ঝকঝকে-তকতকে করে তাতে আলপনা আঁকা হয়। এতে নারীরাই অংশ নেন।