পূজার কারণে নির্বাচন পেছাতে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরস্বতীপূজার কারণে ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছাতে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল রোববার ওই রিট করা হয়। আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ।

৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচনের তারিখ ধার্য ছিল। এই আইনজীবী বলছেন, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোয় পূজার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু নির্বাচন উপলক্ষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে এবার। বিষয়টি ধর্মীয়ভাবে সাংঘর্ষিক।

অশোক কুমার ঘোষের ভাষ্য, পঞ্চমী না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না বলে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠানের জন্য রিটটি করা হয়েছে।