পূজার ছুটি ১০ মার্চ স্কুল বন্ধ ৩ তারিখে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবরাত্রি পূজা ১০ মার্চ। শিক্ষা মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী ওই দিন বিদ্যালয় বন্ধ থাকে। অথচ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া হায়াতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত দিন আগে গতকাল রোববার (৩ মার্চ) ওই পূজার ছুটি দিয়েছেন।শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা ৩ মার্চ ছুটি দেওয়ার ব্যাপারে রাজি না থাকলেও প্রধান শিক্ষক তা তোয়াক্কা না করেই এ কাজ করেছেন। এতে হিন্দু ছাত্রী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের হিন্দু ধর্মের একাধিক ছাত্রীর অভিযোগ, তাদের পূজা উপলক্ষে ১০ মার্চ বিদ্যালয় বন্ধ দেওয়ার কথা। অথচ নোটিশ দিয়ে সেই বন্ধ দেওয়া হয়েছে ৩ মার্চ। এ রকম মনগড়া বন্ধ দিয়ে তাদের ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগ করেন অভিভাবকেরাও।প্রধান শিক্ষক হারুন অর রশিদ সত্যতা স্বীকার করে বলেন, ‘ভুলক্রমে এ ঘটনা ঘটেছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান জানান, ধর্মীয় কোনো উৎসবের ছুটি নির্দিষ্ট তারিখের আগে নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।