পূজার নিরাপত্তায় চট্টগ্রামে বিজিবির টহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বিজিবির টহল। ছবিটি আজ রাত আটটায় আন্দরকিল্লা জেএমসেন হলের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় বিজিবির টহল। ছবিটি আজ রাত আটটায় আন্দরকিল্লা জেএমসেন হলের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ শনিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগর ও জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল শুরু করা হয়েছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত এ টহল থাকবে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিজিবি দক্ষিণ পূর্ব অঞ্চল চট্টগ্রামের পরিচালক (অভিযান) লে কর্নেল এ আর এম নাছির উদ্দিন একরাম।

নাছির উদ্দিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ও বিজিবি সদর দপ্তরের নির্দেশে শনিবার সন্ধ্যা থেকে নগর ও জেলায় বিজিবি নামানো হয়েছে। নগর ও জেলার সব পূজা মণ্ডপে পর্যাপ্ত বিজিবি থাকবে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

আজ সন্ধ্যায় নগরের খুলশী-জিইসি মোড় হয়ে আন্দরকিল্লা জেএমসেন হল এলাকায় বিজিবির টহল দেখা গেছে।

এবার চট্টগ্রাম নগরে ৩২৫ টিসহ ১৪টি উপজেলায় মোট এক হাজার ৬১৮টি সর্বজনীন মণ্ডপে পূজা হবে। পাশাপাশি জেলা ও নগরে ২২২টি ব্যক্তিগত ও পারিবারিক পূজামণ্ডপ রয়েছে।