পূবালী ব্যাংকের আটজনের পদ শূন্য ঘোষণার রায় স্থগিত
পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ আটজনকে পরিচালক নির্বাচিত করা অবৈধ এবং তাঁদের পদ শূন্য ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
আগামী রোববার পর্যন্ত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে চেয়ারম্যানসহ আটজনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন পূবালী ব্যাংকের কৌঁসুলি আকতার ইমাম।
পূবালী ব্যাংক লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারসহ আটজনকে পরিচালক নির্বাচিত করাকে অবৈধ বলে গতকাল মঙ্গলবার রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের পদ শূন্য ঘোষণা করা হয়। এই আটজনের করা আবেদন খারিজ করে বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ রায় দেন।
চেয়ারম্যান ছাড়া অন্য সাতজন পরিচালক হলেন মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, আজিজুর রহমান ও সুরাইয়া রহমান।
হাইকোর্টের দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে আজ বুধবার ওই আটজন চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
আদালতে আটজনের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাহউদ্দিন আহমদ। ব্যাংকের পক্ষে ছিলেন আকতার ইমাম।
পরে আইনজীবী সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের ফলে এখন চেয়ারম্যানসহ আটজন পরিচালক তাঁদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের এজিএমে এই আটজন পরিচালক নির্বাচিত হন। এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে।