পূবালী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা নেই
পরিচালক হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান ও পরিচালক কবিরুজ্জামান ইয়াকুবকে ব্যাংকটির দায়িত্ব চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। বিষয়টি ৮ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই দুজনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
ব্যাংকটির একজন হিসাবধারী ও একজন শেয়ারহোল্ডারের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২৯ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। পরিচালক হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান ও ওই পরিচালককে ব্যাংকটির দায়িত্ব চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে নির্দেশ দেওয়া হয়। ৫ জানুয়ারি পর্যন্ত ওই নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আজ আবেদনটি করেন চেয়ারম্যান ও পরিচালক।
আদালতে দুজনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। পরে আইনজীবী মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় পরিচালক হিসেবে পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান ও পরিচালক কবিরুজ্জামান ইয়াকুবের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই।