পূবালী ব্যাংকের পরিচালকদের বিষয়ে হাইকোর্টের রায় বহাল
পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানসহ আট পরিচালককে নির্বাচিত করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্ট গত ২৫ ফেব্রুয়ারি ওই আটজনকে পরিচালক পদে নির্বাচিত করা অবৈধ এবং তাঁদের পদ শূন্য ঘোষণা করে রায় দিয়েছিলেন।
আজ সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আট পরিচালকের করা আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ছাড়া অন্য সাতজন পরিচালক হলেন মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, আজিজুর রহমান ও সুরাইয়া রহমান।
পূবালী ব্যাংকের কৌঁসুলি আকতার ইমাম প্রথম আলোকে জানান, আপিল বিভাগের এ আদেশের ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকছে। হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের মেয়াদ বাড়াননি আপিল বিভাগ।
গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের এজিএমে এই আটজন পরিচালক নির্বাচিত হন। এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে।
পূবালী ব্যাংক লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারসহ আটজনকে পরিচালক পদে নির্বাচিত করা অবৈধ এবং তাঁদের পদ শূন্য ঘোষণা করে ২৫ ফেব্রুয়ারি রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে পরের দিন ওই আটজন চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে গতকাল রোববার পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল এর ওপর শুনানি শেষে আজ আদেশের জন্য রাখা হয়।
ব্যাংকের একজন শেয়ার হোল্ডারের পক্ষে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ।