পূরণ হলো চা-শ্রমিকদের ভর্তির কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্কাতুরা চা-বাগানে সিলেটের নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তিতে চা-শ্রমিক পরিবারের সন্তানদের ১০ ভাগ কোটা সংরক্ষিত রাখা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করায় গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চলমান আন্দোলন প্রত্যাহার করেছে চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে থাকা সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ১০ ভাগ শিক্ষার্থী ভর্তি সংরক্ষিত রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কোটা সংরক্ষণের ব্যাপারে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানের দুই একর জায়গা অধিগ্রহণ করে ২০১৩ সালের ২৩ নভেম্বর থেকে সিলেট সরকারি উচ্চবিদ্যালয় নামে নতুন বিদ্যালয় স্থাপনকাজ শুরু হয়। শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত কাজ শেষে ২০১৭ সাল থেকে বিদ্যালয়টি চালুর কথা রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় স্থাপনকালে চা-বাগান এলাকা হওয়ায় ভর্তির ক্ষেত্রে চা-শ্রমিকদের বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ভর্তি প্রক্রিয়ায় এ বিষয়টির কোনো উল্লেখ না থাকায় ক্ষুব্ধ চা-শ্রমিক ও শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।