পূর্ণ কর্মবিরতির ঘোষণা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল ও শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো প্রবর্তন করাসহ চার দফা দাবিতে আগামী মঙ্গলবার ও পরবর্তী রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ওই দুদিন তাঁরা কোনো পরীক্ষার দায়িত্বও পালন করবেন না।
আজ শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত মাসে তিন দিন ও জুন মাসে একদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকেরা। তবে তখন পরীক্ষাগুলো ওই কর্মবিরতির আওতার বাইরে ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার স্ব-স্ব ক্যাম্পাসে শিক্ষকেরা র্যালি করবেন ও রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর কাছে নিজেদের দাবির পক্ষে সংগৃহীত স্বাক্ষর সংবলিত স্মারকলিপি দেবেন। এ ছাড়া আগামী বৃহস্পতিবার জাতীয় দৈনিকগুলোর সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষক নেতারা মতবিনিময় করবেন।
শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ৯৭ শতাংশ শিক্ষক দাবি আদায়ের জন্য যেকোনো কর্মসূচি দেওয়ার জন্য স্বাক্ষর করে সমর্থন দিয়েছেন। সাড়ে তিন মাস ধরে শিক্ষার পরিবেশ সমুন্নত রেখে যৌক্তিক ও গঠনমূলক আন্দোলন হচ্ছে। কিন্তু কোনো মহল থেকেই এসব দাবির পক্ষে সাড়া পাওয়া যায়নি। এমন অবস্থায় চলমান শিক্ষা আন্দোলনকে অব্যাহত রাখতে কঠোর কর্মসূচি দেওয়ার কোনো বিকল্প নেই।
এর আগে উপাচার্য পরিষদের নেতাদের সঙ্গে শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক হয়। তাঁরাও ফেডারেশনের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
শিক্ষকদের অন্য দাবিগুলো হলো-আলাদা বেতনকাঠামো হওয়ার আগ পর্যন্ত প্রস্তাবিত অষ্টম বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্য দূর করা এবং রাষ্ট্রীয় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ পদমর্যাদাগত অবস্থান ও সুবিধা নিশ্চিত করা।
বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন: নতুন বেতনকাঠামোতে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের আলাদা বেতনকাঠামো প্রণয়ন, চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণসহ আট দফা দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’।
সংগঠনের সভাপতি আবুল বাশার হাওলাদার ও মহাসচিব আ. ছালাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আসন্ন জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকবেন শিক্ষকেরা।