পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে রাজধানীতে উৎসব আয়োজন
রাজধানীর সিভিল এভিয়েশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র শান্তনু দে অনিক গতকাল বুধবার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ দেখতে গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে। সেখানে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ শিবির স্থাপন করে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র। একই সময়ে ভাইয়ের সঙ্গে মিরপুরের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাহিমা হকও সেখানে গিয়েছিল চন্দ্রগ্রহণ দেখতে। তবে যখন তারা সেখানে যায়, তখন চন্দ্রগ্রহণ শুরু হতে আরও কয়েক ঘণ্টা বাকি। কিন্তু তখন থেকেই সেখানে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি চলছিল।এ পর্যবেক্ষণ শিবির থেকে অপটিক্যাল টেলিস্কোপ ছাড়াও দেশে প্রথমবারের মতো রেডিও টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। হ্যাম রেডিওর মাধ্যমেও প্রচার করা হয় জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য।অনুসন্ধিৎসু চক্রের সভাপতি আজহারুল হক প্রথম আলোকে জানান, তাঁরা সেখানে সারা রাত থাকবেন। এবার ডিসেম্বরে আরেকটি গ্রহণ হবে, তবে সেটা পূর্ণ গ্রহণ নয়। গতকালেরটি ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ। এর বৈশিষ্ট্য হলো, পৃথিবীর ছায়ার কেন্দ্রে চাঁদ প্রায় ১০০ মিনিট অন্ধকারাচ্ছন্ন থাকা। এর আগে এ রকম অবস্থায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের জুলাইয়ে। পরে ২০১৮ সালের ২৭ জুলাই এ রকম পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে।