
প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের দ্বন্দ্বে দেশের সবচেয়ে বড় সরকারি প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর তার পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারছে না। প্রতিষ্ঠানটির কয়েকটি প্রকল্পের কর্মীরা নিয়মিত বেতন পান না। সঙ্গে যোগ হয়েছে পর্যাপ্ত প্রশিক্ষণার্থী না পাওয়া।
এমনই অবস্থার মধ্যে আজ ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দিবসটির এবারের স্লোগান ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’। যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ দেওয়া হবে জাতীয় যুব পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বর্ষসেরা নির্বাচিত ২৭ জনের হাতে জাতীয় যুব পুরস্কার তুলে দেবেন।
সারা দেশে আত্মকর্মী হিসেবে মেধার ভিত্তিতে ৩ জন, আট বিভাগের সেরা ৮ জন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন কোটায় ২ জন, পুরুষ, নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থেকে ১ জন করে মোট ১৬ জনের পুরস্কার পাওয়ার কথা এবার। কিন্তু সংখ্যাটি বেড়ে হয়েছে ২৭।
জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গতবারের মতো ১৯ জনের নামই সুপারিশ করা হয়েছিল। পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভায় ২৭ জনকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়।
১৯৮৫ সাল থেকে পালিত হয়ে আসছে জাতীয় যুব দিবস। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের আর্থসামাজিক উন্নয়নে অধিদপ্তরের অর্জন অনেক। পাঁচ বছর ধরে রাজস্ব ও প্রকল্প খাত মিলিয়ে প্রতিবছর প্রায় ৩ লাখ যুবকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫২ লাখ যুবকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের প্রায় ২০ লাখ আত্মকর্মী।
সারা দেশে ৬৪ জেলা ও ৪৮৬ উপজেলা এবং ১০টি মহানগর থানায় যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ চলে। ৬৪ জেলার ৫৮টিতে আছে উপপরিচালকের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র। রাজস্ব ও প্রকল্প খাত মিলিয়ে জনবল প্রায় ৭ হাজার। এর প্রায় ৮০ শতাংশই প্রকল্প খাতের। মোট ৭৫টি বিষয়ে যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে প্রতিনিয়তই নতুন নতুন বিষয় যুক্ত হয় প্রশিক্ষণে। তবে সমস্যা হলো প্রশিক্ষক পাওয়া গেলেও অনেক সময় পর্যাপ্ত প্রশিক্ষণার্থী পাওয়া যায় না। কারণ, প্রায় জায়গাতেই প্রশিক্ষণ উপকরণ পুরোনো এবং ব্যবহারের অনুপযোগী। প্রশিক্ষণার্থীরা মনে করেন, এই প্রশিক্ষণ মানসম্পন্ন নয়। এ নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাধারণ ধারণা, এই সমস্যার মূল কারণ অপ্রতুল প্রশিক্ষণ বাজেট।
অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানান, এই অধিদপ্তর পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে পারছে না অনেক দিন ধরেই চলে আসা প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের দ্বন্দ্বে। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসা স্নাতক ডিগ্রিধারী আছেন শ তিনেক। তাঁরা পদোন্নতি পেয়ে পরিচালক পর্যন্ত যেতে পারেন না। অথচ প্রশিক্ষণের বড় কাজটাই সামাল দেন তাঁরা।
দীর্ঘদিন ধরে চলা অনেক প্রকল্পকে রাজস্ব খাতে নেওয়া হয় না। এখনো চারটি প্রকল্পের কর্মীদের বেতন নিয়মিত হয় না। পাঁচ-ছয় মাস ধরে বেতন বকেয়া থাকে। এ নিয়ে কর্মীদের মধ্যে রয়েছে হতাশা।
প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, ‘দ্বন্দ্বের বিষয়টি ঠিক নয়। ব্যক্তিগত পর্যায়ে দু-একজন কর্মকর্তার মধ্যে এটি থাকতে পারে। কিন্তু সব মিলিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর খুব ভালো আছে।’
সমাপ্ত প্রকল্পগুলো রাজস্ব খাতে যাওয়া না-যাওয়ার ব্যাপারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সরকারেরই সিদ্ধান্ত, ১৯৯৭ সালের ১ জুলাইয়ের পর থেকে চালু প্রকল্পগুলো রাজস্ব খাতে যাবে না। তারপরও আমরা ওই সময়ের পরের প্রকল্পভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার মনে করেন, যুব উন্নয়ন অধিদপ্তরে কোনো দ্বন্দ্ব ও প্রশাসনিক জটিলতা নেই। তাঁর মতে, যুব উন্নয়ন অধিদপ্তর খুবই ভালো চলছে। কোনো সমস্যা নেই।