পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি মানা না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। দাবি আদায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা এসব হুমকি দেন। শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও কলেজশিক্ষক মিজানুর রহমানের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে শিক্ষকনেতারা নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমানের হত্যাকারীদের শাস্তি দাবি করেন। শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একপর্যায়ে মানববন্ধনে অংশ নেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। পূর্ণাঙ্গ উৎসব ভাতার ব্যবস্থা করা হবে।মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের দাবি মেনে না নেওয়া হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। শিক্ষকদের দাবি না মানলে এ সরকার শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না।