পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই চলছে হবিগঞ্জ জেলা বিএনপি। প্রায় এক বছর আগে কেন্দ্র থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও অন্যান্য পদ এখনো পূরণ করা হয়নি।দ্বিধাবিভক্ত বিএনপির নেতা-কর্মীরা আলাদাভাবে কর্মসূচি পালন করছেন। জেলা বিএনপির একাধিক নেতা বলছেন, দলে বিভক্তির কারণে সরকারবিরোধী আন্দোলনে এ জেলায় সফলতা আসছে না। এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় এখনো দ্বন্দ্ব রয়ে গেছে। ভবিষ্যতে এ বিভক্তি আন্দোলনের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।২০০৯ সালের ২১ ডিসেম্বর হবিগঞ্জের শিরীষতলায় কাউন্সিল আহ্বান করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এ সময় পৌর মেয়র জি কে গউছের সমর্থক হিসেবে পরিচিত তৎকালীন যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও মিনহাজ উদ্দিন চৌধুরী একই স্থানে পাল্টা কাউন্সিল আহ্বান করলে জেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।পরে জেলা আহ্বায়ক কমিটি ২০০৯ সালের ৩০ ডিসেম্বর মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় আবার কাউন্সিল আহ্বান করলে জি কে গউছের সমর্থকেরা তাতে অংশ নেননি। তাঁরা শহরের এম সাইফুর রহমান হলে একই দিনে পাল্টা কাউন্সিল করেন। নোয়াপাড়ায় অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল। লন্ডন-প্রবাসী শেখ সুজাত মিয়া সাধারণ সম্পাদক ও এনামুল হক সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।শহরের সাইফুর রহমান হলে অনুষ্ঠিত কাউন্সিলে মিনহাজ উদ্দিনকে সভাপতি ও মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করা হয়।গত ২৭ জানুয়ারি কেন্দ্র থেকে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সভাপতি ও পৌর মেয়র জি কে গউছকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কমিটির অনুমোদন দেন।এদিকে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা।পৌর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা কমিটি গঠন করতে গিয়ে কেন্দ্রীয় নেতারাই পক্ষপাতিত্ব করছেন বেশি, যে কারণে এ কমিটি পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না দীর্ঘদিন ধরে। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা কথা বলবেন, তাঁরাই নতুন কমিটিতে স্থান পাবেন না। এ কারণে অনেকেই কেন্দ্রের এ অন্যায় সহ্য করছেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর মতামত পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থক হিসেবে পরিচিত সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, ‘কেন্দ্রের মনোনীত সভাপতি ও সম্পাদককে আমরা মেনে নিয়েছি। তবে কথা ছিল, পূর্ণাঙ্গ কমিটি যেন সমঝোতার মাধ্যমে হয়। এর পরিপ্রেক্ষিতে যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও সিলেট বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী দুবার আমাদের নিয়ে বসেছেন। তাঁদের জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন তাঁরা যে কমিটি দেবেন, আমরা তা-ই মেনে নেব। সেই অপেক্ষায় আমরা আছি।’এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেন, ‘যাঁরা গত সংসদ নির্বাচনে দলের প্রার্থী ছিলেন, তাঁদের নিজ নিজ এলাকার নামের তালিকা (যাঁদের নাম জেলা কমিটিতে আসতে পারে) জেলা সভাপতির কাছে জমা দিতে বলা হয়েছে কেন্দ্র থেকে। তাঁদের এই তালিকা আমি সিলেট বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের যুগ্ম সম্পাদকের কাছে পাঠিয়েছি। তাঁরা তালিকাটি যাচাই-বাছাই করে দেখছেন। তাঁরা ভালো লোক দেবেন। কথা হচ্ছে, কেন্দ্র যাঁদেরই দেয়, তাঁদের নিয়ে কাজ করব। এতে নিরাশ হওয়ার কিছুই নেই।’