পূর্ণাঙ্গ কমিটির পৃথক খসড়া জমা দিয়েছে দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের পর সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি আজও গঠিত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতারা সম্প্র্রতি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনি খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আশ্বাস দিয়েছেন। এ জন্য দলের দুটি পক্ষ সভাপতি ও সম্পাদক ঠিক রেখে পৃথক পূর্ণাঙ্গ কমিটির খসড়াও কেন্দ্রে জমা দিয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় জেলায় দলীয় কার্যক্রমে গতি আসছে না। ২০০৬ সালের ৭ জুলাই কাউন্সিলরদের সরাসরি ভোটে উপাধ্যক্ষ আব্দুস শহীদ জেলা সভাপতি ও নেছার আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে তা গঠন করা সম্ভব হয়নি। জেলার বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি পক্ষ এবং সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সাংসদ সৈয়দ মহসীন আলীর নেতৃত্বে অপর একটি পক্ষ সক্রিয় বলে জানা গেছে।স্থানীয় নেতা-কর্মীরা জানান, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দল সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ ছাড়া জেলা সভাপতি আব্দুস শহীদ জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হওয়ায় তাঁকে বেশির ভাগ সময় ঢাকায় থাকতে হয়। এলাকায় এলেও সরকারি কাজে ব্যস্ত থাকেন তিনি। এতে করে দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। গত ৩১ জানুয়ারি আব্দুস শহীদ, নেছার আহমদ, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ীর একাংশ) আসনের সাংসদ শাহাবউদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ স্থানীয় নেতারা শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। নেছার আহমদ বলেন, ‘নেত্রী খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করবেন বলে জানিয়েছেন। কমিটি না থাকায় স্বাভাবিকভাবেই দলের কার্যক্রমে গতি নেই। আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ পৃথক দুটি কমিটি জমা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সভাপতি ও সম্পাদকের বাইরে কমিটি জমা দেওয়ার অধিকার কারও নেই। অন্য কেউ কোনো কমিটি জমা দিয়েছে কি না, আমার জানা নেই।’ সাংসদ সৈয়দ মহসীন আলী জানান, ‘পূর্ণাঙ্গ কমিটির একটি খসড়া আমরা কেন্দ্রের কাছে জমা দিয়েছি। দলের ত্যাগী নেতা-কর্মীরা বাদ পড়ায় আলাদা কমিটি জমা দিয়েছি।’