পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দাবিদাওয়া পুস্তিকা আকারে প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্চ। গত বৃহস্পতিবার পুস্তিকাটি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের কাছে হস্তান্তরের পর সংবাদ সম্মেলন করেন শিক্ষক মঞ্চের সদস্যরা। শিক্ষক মঞ্চের ব্যানারে নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামোগত উন্নয়ন, শিক্ষাঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা-সম্পর্কিত শিক্ষক মঞ্চের বিভিন্ন দাবি আমরা পুস্তিকাটিতে উপস্থাপন করেছি।’ তিনি আরও বলেন, এসব দাবিসংবলিত পুস্তিকাটি বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, এ ক্ষেত্রে নারী-পুরুষের সম-অংশীদারত্ব নিশ্চিত করা, শিক্ষা ও শিক্ষার পরিবেশসংক্রান্ত নীতিমালা, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক তৎপরতা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট কিছু দাবি উপস্থাপন করা হয় পুস্তিকাটিতে।
সংবাদ সম্মেলনে অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ বলেন, ‘উচ্চশিক্ষাকে অবহেলা করে পৃথিবীর কোনো দেশ উন্নতি করতে পারেনি। কিন্তু আমাদের দেশে চলছে উচ্চশিক্ষাকে ধ্বংসের চেষ্টা। তাই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বাস্তবায়নে পুস্তিকা আকারে আমাদের দাবিসমূহ প্রশাসনের কাছে উপস্থাপন করেছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সাঈদ ফেরদৌস, বাংলা বিভাগের শিক্ষক হিমেল বরকত, ইতিহাস বিভাগের শিক্ষক আনিছা পারভীন প্রমুখ।