অবিলম্বে পূর্ণাঙ্গ জাতীয় মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবীর চৌধুরী। যত দ্রুত সম্ভব কমিশনের লোকবল নিয়োগ ও কমিশন আইনের সংশোধন দাবি করেন তিনি। বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল সোমবার লালমাটিয়ায় কমিশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিচারপতি আমিরুল এসব কথা বলেন। তিনি আগামীকাল কমিশনের চেয়ারম্যানের পদ থেকে অবসরে যাচ্ছেন। কমিশনকে শক্তিশালী করতে হলে কী করা প্রয়োজন—এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিচারপতি আমিরুল বলেন, তিনটি কাজ করতে হবে। প্রথমত, অবিলম্বে পুরো কমিশন গঠন, দ্বিতীয়ত, লোকবল কাঠামো যত তাড়াতাড়ি সম্ভব অনুমোদন, তৃতীয়ত, অন্য মানবাধিকার সংগঠনের সঙ্গে সমন্বয় করে মানবাধিকার সংরক্ষণে একসঙ্গে কাজ করতে হবে।কমিশনের চেয়ারম্যান জানান, একজন চেয়ারম্যান ও দুইজন সদস্যের সমন্বয়ে ২০০৮ সালের ১ ডিসেম্বর কমিশন গঠন করা হয়। পরে ২০০৯ সালের ১৪ জুলাই কমিশন আইন প্রণয়ন করা হয়। ওই আইনে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বয়স সর্বোচ্চ ৭০ বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে একজন সদস্য কমিশন ছেড়ে চলে যান। অপর এক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় ফিরে যান। এ অবস্থায় ২০০৯ সালের ১৪ জুলাই থেকে বিচারপতি আমিরুল একাই দায়িত্ব পালন করছেন।কমিশনের চেয়ারম্যান জানান, কমিশনের কার্যক্রমে গতিশীলতা ও শক্তিশালী কমিশন গঠনের লক্ষ্যে ২০০৮ সালের ২২ ডিসেম্বর প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ৬২টি পদের একটি জনবল কাঠামো তৈরি করে সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। এখন পর্যন্ত এটি অনুমোদন করা হয়নি। বিচারপতি আমিরুল জানান, কমিশন প্রতিষ্ঠা থেকে গত ২০ জুন পর্যন্ত তাঁরা মানবাধিকার লঙ্ঘনের ১৪৭টি অভিযোগ পেয়েছেন। এর মধ্যে ৮২টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। ক্রসফায়ার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক অবস্থায় মৃত্যুসংক্রান্ত অভিযোগগুলো র্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শককে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে এ রকম পাঁচটি অভিযোগের ক্ষেত্রে তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান জানান, তাঁরা মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ পেয়েছেন, তার মধ্যে বেশির ভাগ অভিযোগই এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে। তিনি মানবাধিকার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘তাঁরা গণতান্ত্রিক দেশের বাহিনী, জনগণের টাকায় চলে। তাঁদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা থাকা খুবই জরুরি।’দেশের মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন বিচারপতি আমিরুল। তিনি বলেন, আইনগত কারণে অনেক বিষয়ে কমিশন কাজ করতে পারে না। এ জন্য কমিশন আইনের কিছু সংশোধন দরকার। তিনি জানান, তাঁরা এ সংক্রান্ত একটি সুপারিশ ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে।