পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ পিটিশন: আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তাঁর চার আইনজীবী। কারাগার থেকে বেরিয়ে তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা
মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন তাঁর চার আইনজীবী। কারাগার থেকে বেরিয়ে তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে মুহাম্মদ কামারুজ্জামান রিভিউ পিটিশন দাখিল করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শিশির মনির।
আজ বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে দেখা করার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তাঁর আইনজীবী।
শিশির মনিরের সঙ্গে আরও তিন আইনজীবী কামারুজ্জামানের সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন। তাঁরা হলেন মতিউর রহমান আকন্দ, এহসান এ সিদ্দিক ও মশিউল আলম।
আজ সকাল ১০টা ২০ মিনিটে ওই চার আইনজীবী ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করেন। বেলা ১১টা পাঁচ মিনিটে তাঁরা কারাগার থেকে বের হন।
কারাগার থেকে বেরিয়ে শিশির মনির সাংবাদিকদের বলেন, পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে তাঁরা কামারুজ্জামানের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। কামারুজ্জামান তাঁদের বলেছেন, আপিলের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে তিনি রিভিউ পিটিশন দাখিল করবেন।

শিশির মনির জানান, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া-না চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত রিভিউ পিটিশন নিষ্পত্তির পর নেওয়া হবে।
কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে আইনমন্ত্রী কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন না বলেও দাবি করেন এই আইনজীবী।
এর আগে গতকাল বুধবার সকালে কামারুজ্জামানের স্ত্রী, ছেলেমেয়েসহ পরিবারের ১০ জন সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
গতকাল বিকেলে গুলশানে নিজ বাসভবনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেখানে রিভিউ পিটিশন ডিসমিস হয়েছে, সেটা ধরে নিয়ে আমাকে আদেশ দিতে হবে জেল কর্তৃপক্ষকে, তাদের প্রস্তুতির ব্যাপারে, আমি সেই আদেশ দিয়েছি।’
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩ নভেম্বর আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। এরপর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার দুপুরে কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সংগঠক ছিলেন কামারুজ্জামান।
রাজধানীর পল্লবী থানায় করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ৪ জুন ট্রাইব্যুনাল-২ তাঁর বিরুদ্ধে সাতটি অভিযোগ গঠন করেন। গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিলে ৬ জুন তিনি উচ্চ আদালতে আপিল করেন।