পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতা-বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু-দণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি পেয়েছেন তাঁর আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা প্রত্যায়িত অনুলিপি গ্রহণ করেছেন।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির গতকাল প্রথম আলোকে বলেন, বেলা পৌনে তিনটার দিকে পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি পেয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। এখন রায় পর্যালোচনা করে পুনর্বিবেচনার আবেদন করা হবে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ওই দিন পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি সকালে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন বিচারপতি। ওই দিনই মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এবং তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়।