পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি পেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি গ্রহণ করেছেন তাঁর আইনজীবীরা।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির এক খুদেবার্তায় প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তাঁরা প্রত্যায়িত অনুলিপিটি গ্রহণ করেছেন।
১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। এর আগে সকালে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন বিচারপতি।
গত বছরের ৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি) নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁদের মধ্যে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা দ্বিমত পোষণ করেন।