পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ৫৪ ধারা নিয়ে পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক l ফাইল ছবি
আনিসুল হক l ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে শুনেছেন এই মামলাটি খারিজ করার সময় আপিল বিভাগ বলেছেন, এ রায়ে তাঁরা কিছু পরিবর্তন করবেন। সেই পরিবর্তন না জানা পর্যন্ত তাঁরা (মন্ত্রণালয়) এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন না।’
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে নীতিমালা বা আইন করার বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিচারক নিয়োগের ব্যাপারে যে আইন করা প্রয়োজন, সেটা কিন্তু আমি আগেই বলেছি। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আগামী বছর থেকে হয়তো এই আইন কার্যকর করতে পারব।’
বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ভুল বিচারে ভোলা জেলার আব্দুল জলিল নামে এক ব্যক্তির ১৫ বছরের সাজা ভোগের জন্য সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে কি না, অথবা ব্যবস্থা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই, এটাই তো স্বাভাবিক যে কর্তব্য পালনে ব্যর্থ হলে বিভাগীয় মামলা হবে। কোনো ফৌজদারি অপরাধ হলে মামলা হবে। দেওয়ানি অপরাধ হলে সেখানেও জরিমানার জন্য মামলা হবে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিচার বিভাগে কখনো ভুল হবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ এটা তো মানুষচালিত। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের চেষ্টা অবশ্যই করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা চোখে পড়লে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তা তুলে আনতে তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। এ ধরনের ঘটনা তুলে ধরলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে।
নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্ শেখ মো. জহিরুল হক। প্রশিক্ষণ কোর্সে ৬৫ জন সাব-রেজিস্ট্রার অংশ নেন।