পূর্ণাঙ্গ রায়ের পর অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই কর্ণফুলী নদীতীরের ২ হাজার ১৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। কর্ণফুলীর তীরে নতুন করে আর কেউ যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে, তা নিশ্চিত করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্ণফুলী নদীর উভয় তীরের অবৈধ দখলদারদের বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য এ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
কর্ণফুলী নদী রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১০ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এ রিট আবেদনের প্রাথমিক শুনানিতে জরিপ করে কর্ণফুলী নদীর তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা দাখিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত। এই নির্দেশনা অনুসারে জেলা প্রশাসক গত বছরের ৯ জুন আদালতে তালিকা দাখিল করেন। গত ১৬ আগস্ট চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে থাকা ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। আদালত এসব স্থাপনা সরাতে ৯০ দিন সময় দিয়েছেন। রায় হাতে পাওয়ার সাত দিনের মধ্যে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে স্থানীয় পত্রিকায় নোটিশ দিতে বলা হয়েছে। তবে পূর্ণাঙ্গ রায় এখনো পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের জরিপে অবৈধ স্থাপনার তালিকায় বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও বিমানবাহিনীর স্থাপনাও রয়েছে। এ বিষয়ে গতকালের বৈঠকে মন্ত্রী বলেন, নদীতীরে থাকা জনস্বার্থ ও জাতীয় অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট স্থাপনার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হবে।
জেলা প্রশাসনের জরিপ অনুযায়ী, বিএস রেকর্ড অনুযায়ী কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা ২ হাজার ১১২টি। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ২ হাজার ১০৮টি, বেসরকারি সংস্থার ১টি ও সরকারি সংস্থার ৩টি স্থাপনা রয়েছে। অপর দিকে আরএস রেকর্ড অনুযায়ী ৭৫টি অবৈধ
স্থাপনা রয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৬২টি, বেসরকারি সংস্থার ৯টি ও সরকারি সংস্থার ৪টি স্থাপনা রয়েছে।
গতকালের বৈঠকে নৌমন্ত্রী বলেন, কর্ণফুলী নদী দূষণমুক্ত রাখতে সতর্ক থাকতে হবে। দূষণমুক্ত রাখার জন্য চট্টগ্রামের মেয়র পরিকল্পনা গ্রহণ করবেন। কারণ এ নদী দূষণমুক্ত না রাখলে শিগগিরই বুড়িগঙ্গার মতো রূপ ধারণ করবে।
সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, একমাত্র জোয়ার-ভাটা প্রভাবিত নদী বলে কর্ণফুলী এখনো টিকে রয়েছে। অন্যথায় তা বহু আগেই ঢাকার বুড়িগঙ্গা নদী কিংবা টঙ্গীর তুরাগ নদের মতো অবস্থা হতো। তাই এ নদীকে দূষণমুক্ত করতে এগিয়ে আসতে হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ এম এ লতিফ, সাংসদ নজরুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতহারুল ইসলাম প্রমুখ। বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌবাহিনী, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে নদীসংক্রান্ত টাস্কফোর্স কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা নৌযানে করে বন্দর জেটি থেকে কালুরঘাট পর্যন্ত কর্ণফুলী নদী পরিদর্শন করেন।