সারা দেশের ৪৭৮টি উপজেলা পরিষদের নারীদের জন্য সংরক্ষিত সদস্যপদে আগামী ১৫ জুন ভোট গ্রহণ হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন গতকাল মঙ্গলবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আজ বুধবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এ নির্বাচনের মাধ্যমে প্রথমবারের মতো প্রায় দেড় হাজার নারী সদস্য উপজেলা পরিষদে যোগ দেবেন এবং উপজেলা পরিষদ পূর্ণাঙ্গ রূপ পাবে। আইনে থাকলেও এর আগের উপজেলা পরিষদে নারী সদস্য পদে নির্বাচন না হওয়ায় পূর্ণাঙ্গ পরিষদ গঠিত হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলা পরিষদের নারী সদস্য হতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ মে, মনোনয়নপত্র বাছাই ২৩ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন যথাক্রমে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা পরিষদে নারী সদস্য পদের নির্বাচনে ভোটার হবেন সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরা। সদস্য পদে প্রার্থীও হবেন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংরক্ষিত নারী সদস্যরাই।
স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন অনুযায়ী, প্রতিটি উপজেলার ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মোট সংখ্যার এক-তৃতীয়াংশের সমান সংখ্যক পদ উপজেলা পরিষদের নারী সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। কোনো উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন/পৌরসভা থাকলে পরিষদে নারী সদস্যদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা হবে পাঁচটি।