৩৫ লাখ জেলেকে বিমাসুবিধা দেওয়ার প্রস্তাব
পূর্ণাঙ্গ শস্যবিমা দ্রুত চালুর সুপারিশ সংসদীয় কমিটির
কৃষিজাত পণ্যকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিমুক্ত রাখতে পূর্ণাঙ্গ শস্যবিমা দ্রুততম সময়ে চালুর সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির এক সভায় এ কথা বলা হয়। উপকূলীয় এলাকার প্রায় ৩৫ লাখ জেলেকে বিমাসুবিধার আওতায় আনার প্রস্তাবও করা হয় এতে।সভায় জানানো হয়, কৃষিজাত পণ্যকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে মুক্ত রাখতে সাধারণ বীমা করপোরেশনের একটি পাইলট প্রকল্পের আওতায় ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শস্যবিমা চালু ছিল। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কৃষকদের ফসল নষ্ট হলে সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে এ প্রকল্পটি চালু হয়েছিল। কিন্তু তখন এটি ব্যর্থ হয়। কমিটি এ প্রকল্পটি পুনরায় চালুর সুপারিশ করেছে।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, শস্যবিমা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ব্যাপারে জীবন বীমা করপোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। সংসদীয় কমিটি শস্যবিমা চালুর আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে। তিনি জানান, এ বিমা চালুর ব্যাপারে ইতিমধ্যে বেশ কয়েকটি বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়। একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। কমিটি দ্রুততম সময়ে এ বিমার কাজ চালুর প্রস্তাব করেছে।সভায় জীবন বীমা করপোরেশনের মাধ্যমে উপকূলীয় এলাকার ৩৫ লাখ জেলে ও প্রবাসী শ্রমিকদের বিমার আওতায় আনারও সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান। কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে গতকালের সভায় কমিটির সদস্য বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খালেদুর রহমান টিটো, বজলুল হক হারুন ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন।সভায় রপ্তানি উন্নয়নে সহায়তার জন্য এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি স্কিম চালুর সুপারিশ করা হয়েছে।