পূর্ণাঙ্গ সমীক্ষা ছাড়া টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলা ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে কিছু মানুষ ও একটি চক্র সরকারের সমালোচনা করছে। কিন্তু লাভ-লোকসান-সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সমীক্ষা ছাড়া ভারত সরকারের সঙ্গে এ নিয়ে বাংলাদেশ সরকার কোনো কথা বলতে পারে না।গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত ‘চতুর্থ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং কংগ্রেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এর আগে তিন দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন আইইবির সিভিল ইঞ্জিনিয়ার শাখার চেয়ারম্যান আবদুল আজিম জোয়ার্দার। পানিসম্পদমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আপ্রাণ চেষ্টা করছে দেশকে রক্ষা করতে, কিন্তু কিছু লোকের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশকে ক্রমেই পিছিয়ে নিয়ে যাচ্ছে। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকৌশলীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি হচ্ছে দক্ষ জনবল। যেমন—চিকিৎসক-প্রকৌশলী। এঁদের সহযোগিতায় খুবই অল্প সময়ে একটি দেশের উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবির সাবেক সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ‘ইনোভেশন ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অব স্ট্রাকচার’ শীর্ষক প্রবন্ধে তিনি অবকাঠামো ক্ষেত্রে প্রকৌশলীদের বিভিন্ন ধরনের বাধা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি জানান, উঁচু ভবন নির্মাণের ক্ষেত্রে এশিয়ার প্রকৌশলীরা বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের প্রকৌশলীদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকৌশলীদের নিত্যনতুন প্রযুক্তির পাশাপাশি পরিবেশ রক্ষার দিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। বৈশ্বিক উষ্ণায়ন মাথায় রেখে প্রকৌশলীদের অবকাঠামো উন্নয়ন ও নির্মাণের ক্ষেত্রে ‘সবুজ উন্নয়ন’ (গ্রিন ডেভেলপমেন্ট) নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সভাপতি নুরুল হুদা বলেন, প্রতিষ্ঠার ৬৩ বছরে এসে আইইবি এখন জাতীয় উন্নয়নের অংশ হিসেবে শুধু অবকাঠামো নির্মাণ করে না, পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সমানভাবে অংশ নেয়। নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নিতে আইইবি নিয়মিত বিভিন্ন ধরনের সেমিনার, শিক্ষাবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, এই কংগ্রেস থেকে প্রাপ্ত তথ্য ও সুপারিশ উপস্থাপন করা হবে ৫৩তম জাতীয় কনভেনশনে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সবুর। ধন্যবাদ বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মুনহাজ আহমেদ নুর। এ সময় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।