পূর্ণাঙ্গ হচ্ছে চট্টগ্রাম নগর বিএনপির কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রাম নগর বিএনপির কমিটি পূর্ণাঙ্গ হয়নি। বছর চারেক আগে পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। এবারের ঈদের আগে তা অনুমোদন পেতে পারে বলে দলীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন।
বিএনপির অনেক নেতা-কর্মী মনে করছেন, পাঁচ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় চট্টগ্রাম নগর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে ভাটা পড়েছে৷ ঈদের পরে আবার আন্দোলন কর্মসূচি আসতে পারে। তার আগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা দরকার৷
২০০৯ সালের ৮ জুন আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে নগর বিএনপির পাঁচ সদস্যের কমিটি ঘোষণা হয়। এর মধ্যে সহসভাপতি দস্তগীর চৌধুরী মারা যাওয়ার পর কমিটির সদস্যসংখ্যা চারজনে নেমে আসে৷
সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চার বছর আগে আমরা কেন্দ্রে তালিকা জমা দিয়েছি। পূর্ণাঙ্গ কমিটি কখন হবে সেটা কেন্দ্রের ব্যাপার। তবে কমিটি হয়ে গেলে আমাদের জন্য তা মঙ্গলজনক হবে।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘ঈদের আগেই পূর্ণাঙ্গ কমিটি হবে বলে আশা করছি। সেটা হবে নেতা-কর্মীদের জন্য এবারের ঈদের উপহার। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে আমার যোগাযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ২০১ জনের তালিকা কেন্দ্রে পাঠিয়েছিলাম। সেখান থেকে আট-দশজন মারা গেছেন। তাই আগের পাঠানো তালিকার কিছুটা বিন্যাস ঘটানো হবে। নতুন কয়েকজন নেতা তাতে অন্তর্ভুক্ত হবেন।’
দলীয় সূত্র জানায়, প্রথমে ২০১ সদস্যের কমিটি হবে। এরপর আরও ৭০ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। কারণ, কমিটি ঘোষণার পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টির আশঙ্কা রয়েছে। তখন পরিস্থিতি মোকাবিলা করতে ক্ষুব্ধ নেতাদের অন্তর্ভুক্ত করার কৌশল নেওয়া হবে৷
নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, ‘চার বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে বলে শুনে আসছি। কিন্তু তা না হওয়ায় আমাদের সংগঠন কিছুটা তো পিছিয়ে পড়েছে | যে কারণে আমরা আন্দোলন সফল করতে পারিনি। ঈদের আগে কমিটি ঘোষণা হলে নেতা-কর্মীরা চাঙা হবে। ঈদের পরের আন্দোলন কর্মসূচিতে গতি আসবে।’ এম এ সবুর আরও বলেন, নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। বিগত দিনে যাঁরা আন্দোলনে ছিলেন তাঁদের গুরুত্ব দিতে হবে।