সনাতন ধর্মাবলম্বী নারীর মানবাধিকার সুরক্ষায় বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন প্রণয়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ। গতকাল বুধবার নগরের চান্দগাঁওয়ে সিএসডিএফ-জিডিআরসি মিলনায়তনে উদ্যোক্তা পরিষদ ও বেসরকারি সংগঠন ইলমা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, অন্যান্য ধর্মের নারীদের কিছু অধিকার ধর্মীয় বিধান ও রাষ্ট্রীয় আইনে স্বীকৃত থাকলেও হিন্দু নারীরা তা থেকে বঞ্চিত। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের হিন্দু নাগরিকদের অধিকার সুরক্ষার দাবির পরিপ্রেক্ষিতে, বিশেষত হিন্দু নারীদের অধিকার ও বিবাহ-পরবর্তী অবস্থা বিবেচনা সাপেক্ষে সম্মিলিতভাবে একটি খসড়া হিন্দু বিবাহ আইন প্রণয়ন করা হয়েছে। গত ২১ মে মন্ত্রিপরিষদে খসড়া আইনটি অনুমোদন দেওয়া হয়, তবে তা ঐচ্ছিক। তাই বিষয়টি অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন সময়ের দাবি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সদস্যসচিব অজয় মিত্র। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইলমার প্রধান নির্বাহী নারীনেত্রী জেসমিন সুলতানা, সিএসডিএফের চেয়ারপারসন এস এম নাজের হোসাইন, ভাইস চেয়ারপারসন কাজী ইকবাল বাহার, পংকজ চক্রবর্তী, জাতীয় সমাজকল্যাণ নারীনেত্রী আবিদা আজাদ ও জানে আলম।