লোকবলের সংকটসহ সাত কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর ২০ শয্যার ট্রমা সেন্টার উদ্বোধন করার চার বছর পরেও পূর্ণাঙ্গরূপে চালু করা যায়নি। এতে কুমিল্লাসহ আশপাশের জেলায় দুর্ঘটনায় আহত রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ট্রমা সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। ২০১০ সালের ৩০ এপ্রিল তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ওই সেন্টারের বহির্বিভাগ উদ্বোধন করেন। কিন্তু পর্যাপ্ত লোকবল, যন্ত্রপাতি, ওষুধ এবং পানি ও গ্যাস-সংযোগ না থাকার কারণে অন্তর্বিভাগ চালু করা যাচ্ছে না। এতে রোগীরা এখানে এসে ভর্তি হয়ে সঠিক সেবা নিতে পারছে না। এ অবস্থায় পূর্ণাঙ্গরূপে সেন্টারটি চালু করার জন্য গত ২৬ আগস্ট সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনি সাত কারণে সেন্টারটি চালু করা যাচ্ছে না বলে উল্লেখ করেন।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রমা সেন্টারে তিনজন চিকিৎসক এবং ১৫ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ আছে। তাঁদের মধ্যে বর্তমানে একজন চিকিৎসক এবং ছয়জন কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন। তাঁদের বেতন-ভাতা প্রদানের জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। এখানে ওষুধ ও যন্ত্রপাতির সংকট রয়েছে। বকেয়া পাঁচ লাখ টাকার বিলের জন্য হাসপাতালের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে গ্যাস ও পানির সরবরাহ নেই; সীমানাপ্রাচীরও নেই।
হাসপাতালের চিকিৎসক ও একাধিক কর্মচারী জানান, মহাসড়কে দুর্ঘটনায় আহত রোগীরা এখানে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। অন্তর্বিভাগ চালু না হওয়ায় রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। গত মঙ্গলবারও এখানে বাস দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রী সেবা নিতে এসে ফিরে যায়।
ট্রমা সেন্টারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘গত ৩ আগস্ট ওই সেন্টারে একমাত্র চিকিৎসক হিসেবে আমি যোগদান করি। প্রতিদিন বহির্বিভাগে গড়ে ১০-১২ জন রোগী আসে। কিন্তু যন্ত্রপাতি ও ওষুধ না থাকায় রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না।’
সিভিল সার্জন মুজিবুর রহমান বলেন, ট্রমা সেন্টার একটি বিশেষায়িত হাসপাতাল। পূর্ণাঙ্গরূপে এটি চালু করতে হলে কমপক্ষে ১০ জন চিকিৎসক ও ১৮ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। হাসপাতালের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় বর্তমানে এখানে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।