পূর্ণিমা না আসায় কনসার্ট পণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর স্টেডিয়ামে গত শুক্রবার রাতে একটি কনসার্টে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা না আসায় ক্ষুব্ধ দর্শকেরা হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। এ সময় মঞ্চ থেকে চিত্রনায়ক রিয়াজকে পুলিশ সরিয়ে নেয়।জানা গেছে, জামালপুরের নাট্য সংগঠন এসএম থিয়েটার দর্শনির বিনিময়ে জামালপুরের তরুণ চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিককে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয়। সংগঠনটির সভাপতি সাব্বির এহসান ও তাঁর লোকজন অনুষ্ঠানের টিকিট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। গত ২৬ ফেব্রুয়ারি জামালপুর পৌর পাবলিক হলে সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের টিকিট বিক্রির টাকার হিসাব নিয়ে অন্তর্কলহ দেখা দেয়। ফলে ওই অনুষ্ঠান হয়নি। পরে মাইকে প্রচার করা হয়, জামালপুর স্টেডিয়ামে উন্মুক্ত স্থানে অলিকের গণসংবর্ধনা ও কনসার্ট হবে। এতে রিয়াজ-পূর্ণিমাসহ ঢাকার কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী আসবে বলেও প্রচার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রিয়াজ-পূর্ণিমাকে দেখতে শুক্রবার দুপুর থেকে দর্শকেরা স্টেডিয়ামে আসতে শুরু করে। সন্ধ্যার মধ্যে স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চলচ্চিত্র নির্মাতা অলিক, সংগীতশিল্পী তৌছিফ, টুম্পা ও তাঁদের সহকর্মীদের নিয়ে মঞ্চে হাজির হন। তাঁরা গানও পরিবেশন করেন। রাত সোয়া আটটার দিকে মঞ্চে ওঠেন নায়ক রিয়াজ। মাইকে জানানো হয়, পূর্ণিমা আসেননি। রিয়াজ জামালপুরের দর্শকদের আতিথেয়তার প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য দেন এবং গান গাওয়া শুরু করেন। উৎসুক দর্শক হঠাৎ ‘পূর্ণিমা, পূর্ণিমা’ বলে চিৎকার করে মঞ্চের দিকে প্লাস্টিকের চেয়ার ছুড়ে মারে এবং কয়েকজন পুরুষ দর্শক নারীদের বসার প্যান্ডেলে ঢুকে পড়ে। লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে। এতে কয়েকজন আহত হয়। পরে পুলিশ সদস্যরা দ্রুত রিয়াজ ও ঢাকার অন্য শিল্পীদের মঞ্চ থেকে সরিয়ে নেন। রিয়াজ এবং এস এ হক অলিক এবং অন্য শিল্পীরা রাতেই ঢাকায় ফিরে যান। দর্শনির বিনিময়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কথা স্বীকার করে এসএম থিয়েটারের সভাপতি সাব্বির এহসান প্রথম আলোকে জানান, ‘আমরা মোট ২৬ হাজার টাকার টিকিট বিক্রি করেছিলাম। পরে এ নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় পৌর পাবলিক হলে অনুষ্ঠান আয়োজন না করে স্টেডিয়ামে উন্মুক্ত স্থানে আয়োজন করি।’ সাব্বির বলেন, ‘দর্শকেরা গণ্ডগোল করায় আমরা অনুষ্ঠান গুটিয়ে ফেলি। অনুষ্ঠান পণ্ড হওয়ার মতো পরিস্থিতি হয়নি।’ জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, রিয়াজ একজন জনপ্রিয় নায়ক। এ রকম অব্যবস্থাপনায় ভরা অনুষ্ঠানে তাঁকে আনা ঠিক হয়নি। পুলিশের নিরাপত্তায় তাঁকে মঞ্চ থেকে উদ্ধার করে জেলা সার্কিট হাউসে পৌঁছে দেওয়া হয়।