পূর্ণিমার জোয়ারে ধসে যাচ্ছে বালুর বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় ৫৫ লাখ টাকায় নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বালুর বেড়িবাঁধটি পূর্ণিমার জোয়ারে আবার ধসে পড়ছে। বাঁধটি তলিয়ে যাওয়ায় দ্বীপের সাত গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ ঝুঁকির মুখে রয়েছে।
স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে শাহপরী দ্বীপের পশ্চিমপাড়ায় পাউবোর এক কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। এরপর ওই এক কিলোমিটার ভাঙা বাঁধ নির্মাণের জন্য ৯৭ কোটি টাকা খরচ করা হয়। কিন্তু পাউবো কর্মকর্তা ও ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধটি স্থায়ী হচ্ছে না। সম্প্রতি ওই অংশের ৩০০ মিটার ভাঙা বাঁধ নির্মাণের জন্য পাউবো ৫৫ লাখ টাকার বালুভর্তি বস্তা ফেলে একটি অস্থায়ী রিং বাঁধ তৈরি করলেও সেটি এখন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। এতে দ্বীপের ৪০ হাজার মানুষ উদ্বিগ্ন। ওই বাঁধের আরও তিন কিলোমিটার ঝুঁকিপূর্ণ৷
পশ্চিমপাড়ার জেলে আমির হামজা (৫৫) বলেন, ২০ দিন আগে পাউবো ৫৫ লাখ টাকা খরচ করে যে বালুর বাঁধটি দিয়েছে, তা জোয়ারের ধাক্কা সামলাবে তো দূরের কথা, প্রবল বর্ষণেও তলিয়ে যাবে। অনিয়ম দুর্নীতি করার জন্য পাউবো কর্মকর্তারা শুষ্ক মৌসুমে বেড়িবাঁধ নির্মাণ করেন না। বর্ষার সময় সাগর উত্তাল হলে তখন বাঁধের নির্মাণকাজ শুরু করেন। কারণ, উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে বাঁধ তলিয়ে গেলে জবাবদিহি করতে হবে না।
পাউবোর টেকনাফ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, বৈরী পরিবেশে সাগর উত্তাল হয়ে পড়েছে। এ কারণে নবনির্মিত ৩০০ মিটারের রিং বাঁধটি বিলীন হচ্ছে। তা ছাড়া, সমুদ্রের পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। এতে পুরো বাঁধটি পুনরায় তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জোয়ারের ধাক্কা সামলানোর মতো স্থায়ী বাঁধ দিতে গেলে বড় বাজেটের বরাদ্দ দরকার। কিন্তু সেই টাকা পাউবোর নেই।
পাউবোর কয়েকজন ঠিকাদার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় বৃদ্ধি পেলেও বেড়িবাঁধের উচ্চতা বাড়ানো হচ্ছে না। বাঁধের নির্মাণকাজ শুষ্ক মৌসুমে না করে বর্ষার সময় করা হয় বলে তা ঠেকানো কঠিন হয়ে পড়ে। ফলে জোয়ারের পানি বেড়িবাঁধ টপকে লোকালয়ে প্রবেশ করছে এবং বেড়িবাঁধ সহজে ভেঙে ফেলে। বাঁধের স্থায়িত্ব রক্ষা করতে হলে উচ্চতাও বাড়ানো দরকার। আর বাঁধ নির্মাণকাজ করতে হবে শীত মৌসুমে।
সাবরাং ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ২০১২ সালের ২৩ জুলাই পশ্চিমপাড়ার বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেলে টেকনাফের সঙ্গে শাহপরীর দ্বীপের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। জোয়ারের পানিতে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের কয়েক কিলোমিটার ভেঙে যায়। এতে দ্বীপের ৪০ হাজার মানুষকে দেড় বছর ধরে নৌকা নিয়ে টেকনাফে আসা-যাওয়া করতে হয়েছে। এখনো একই পরিস্থিতি দেখে দ্বীপের মানুষ উদ্বিগ্ন।
শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, জোয়ার-ভাটার কবলে পড়ে গত কয়েক বছরে শাহপরীর দ্বীপের অন্তত ১০ হাজার একর ফসলি জমি ও লবণের মাঠ সমুদ্রে তলিয়ে গেছে। বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। অথচ এখন পর্যন্ত দ্বীপের ৪০ হাজার মানুষকে রক্ষার জন্য একটি স্থায়ী বেড়িবাঁধ তৈরি করা যাচ্ছে না।