পূর্ণিমার জোয়ারে ভাসছে কুতুবদিয়ার ৪০০ বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার জোয়ারে ভাসছে কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার ১৩টি গ্রামের প্রায় ৪০০ ঘরবাড়ি। জোয়ারের পানিতে ঘরবাড়ি ডুবে থাকায় দেড় হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে কয়েকটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কায়ছারপাড়া ঘুরে দেখা গেছে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ৫০টির বেশি ঘরবাড়ি ডুবে গেছে। এসব ঘরের লোকজন প্রয়োজনীয় কাপড়চোপড় ও মালামাল নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন।
ইউনিয়নের আকবর বলীপাড়া, চরধুরুং, কাইছারপাড়া, নয়াকাটা গ্রামেও শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে।
স্থানীয় কায়ছারপাড়ার গৃহবধূ (জেলে মো. কায়ছারের স্ত্রী) জ্যোৎস্না বেগম (৩৫) বলেন, ‘গত শনিবার থেকে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হয়ে ঘরবাড়ি বিলীন হচ্ছে। ছেলেমেয়েদের নিয়ে পাঁচ দিন ধরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছি। কিন্তু কেউ ফিরে তাকাচ্ছে না। এদিকে তিন ছেলেমেয়ের লেখাপড়াও বন্ধ রয়েছে।’
স্থানীয় উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মতিউল্লাহ বলেন, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা করা হলেও কোনো ত্রাণ বা সাহায্য পাচ্ছে না। আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, পূর্ণিমার জোয়ারে তাঁর ইউনিয়নের পশ্চিম তাবলরচর, পূর্ব তাবলরচর, আনিচেরডেইল, জেলেপাড়া, মুরালিয়া গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। শতাধিক পরিবার পানি বন্দিজীবন কাটাচ্ছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, গত তিন দিন ধরে পূর্ণিমার জোয়ারের তীব্রতা বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ উপচে সাগরের পানি গ্রামে ঢুকছে। বর্তমানে উপজেলার চারটি ইউনিয়নের ১৩টি গ্রামে প্রায় ৪০০ ঘরবাড়ি ডুবে রয়েছে। হাজারো মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন। ৩ নম্বর সতর্কসংকেত থাকায় সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে।
পাউবো কুতুবদিয়ার শাখা কর্মকর্তা (এসও) এস এম রাব্বি বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের জন্য বিশেষ প্রকল্প তৈরি করা হয়েছে। তবে ডিসেম্বরের আগে নির্মাণকাজ শুরু করা সম্ভব নয়।