পূর্ণিমার জোয়ারে ১০ গ্রাম প্লাবিত
পূর্ণিমার প্রভাবে বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে বঙ্গোপসাগরের জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪০ হাজার মানুষ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, টেকনাফের শাহ পরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকার বেড়িবাঁধের প্রায় আধা কিলোমিটার ভাঙা অংশ দিয়ে পূর্ণিমার জোয়ারের পানি ঢুকে সাবরাং ইউনিয়নের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গারপাড়া, পশ্চিম উত্তরপাড়া, ক্যাম্পপাড়া, বিলপাড়া, মাঝর ডেইল, হারিয়াখালী, কচুবনিয়া ও লাফার ঘোনা এলাকা প্লাবিত হয়েছে। এতে পাঁচ শতাধিক বসতঘর, কয়েক শ একর ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, খোলা বাঁধ দিয়ে পানি প্রবেশ করায় এলাকার বেশির ভাগ লোক বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, খোলা বেড়িবাঁধ দিয়ে পূর্ণিমার জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে বাঁধের অন্য অংশও।